মীরসরাইয়ে একটি সিমেন্টবাহী ট্রাক ও একটি ডাবল কেবিন পিকআপের মাঝখানে মোটরসাইকেল চাপা পড়ে সালাহ উদ্দিন (৩২) নামে এক যুবদল নেতার মৃত্যু হয়েছে। গতকাল বৃহস্পতিবার দুপুরে উপজেলার জাতীয় বিশেষ অর্থনৈতিক অঞ্চল সড়কের আবুতোরাব বাজার বাইপাসসংলগ্ন ত্রিমুখী মোড়ে এ দুর্ঘটনা ঘটে। নিহত সালাহ উদ্দিন উপজেলার সাহেরখালী ইউনিয়নের মোল্লাপাড়া এলাকার মৃত মহিউদ্দিনের ছেলে ও ইউনিয়ন যুবদলের যুগ্ম আহ্বায়ক ছিলেন।
পুলিশ ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, সালাহ উদ্দিন বড়তাকিয়া বাজার থেকে মোটরসাইকেলে করে বাড়ি ফিরছিলেন। আবুতোরাব বাজার বাইপাসের ত্রিমুখী মোড়ে পৌঁছালে সেভেন রিং সিমেন্টের একটি ট্রাক এবং চিটাগং অনলাইন লিমিটেডের একটি ডাবল কেবিন পিকআপের সঙ্গে তার মোটরসাইকেলের সংঘর্ষ হয়। এ সময় মোটরসাইকেলটি দুই গাড়ির মাঝখানে চাপা পড়ে। এতে ঘটনাস্থলেই সালাহ উদ্দিনের মৃত্যু হয়। খবর পেয়ে পুলিশ মরদেহ উদ্ধার করে থানায় নিয়ে যায়। দুর্ঘটনাকবলিত মোটরসাইকেল, ট্রাক ও ডাবল কেবিন পিকআপটি পুলিশ হেফাজতে নেওয়া হয়েছে।
মীরসরাই থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফরিদা ইয়াসমিন বলেন, মরদেহ উদ্ধার করা হয়েছে। দুর্ঘটনায় জড়িত যানবাহন জব্দ করা হয়েছে। এ ঘটনায় আইনানুগ ব্যবস্থা নেওয়ার প্রক্রিয়া চলছে।












