স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ বলেছে, রাষ্ট্রপতি সাংবিধানিকভাবে পদত্যাগ করতে চাইলে সে সুযোগ তার আছে, তবে এ বিষয়ে সরকারের কোনো ‘পদক্ষেপ নেই’। রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন পদত্যাগ করতে যাচ্ছেন–এমন গুঞ্জনের মধ্যে গতকাল বৃহস্পতিবার সাংবাদিকদের প্রশ্নের উত্তরে স্বরাষ্ট্রমন্ত্রী এ কথা বলেন। অর্থ মন্ত্রণালয়ে কক্সবাজারের উন্নয়ন পরিকল্পনা নিয়ে এক বৈঠক শেষে বের হওয়ার সময় স্বরাষ্ট্রমন্ত্রীকে এ বিষয়ে প্রশ্ন করেন সাংবাদিকরা। খবর বিডিনিউজের।
রাষ্ট্রপতির পদত্যাগের সম্ভাবনা নিয়ে বিভিন্ন সংবাদমাধ্যমে প্রকাশিত খবরের সূত্র ধরে সাংবাদিকরা প্রশ্ন করলে সালাহউদ্দিন আহমদ বলেন, ‘রাষ্ট্রপতি সাংবিধানিকভাবে পদত্যাগ করতে চাইলে স্বাস্থ্যগত কারণে বা যে কোনো কারণে, তার সে অপশন আছে। আমরা তো জানি না।’ এ ব্যাপারে সরকারের কোনো পদক্ষেপ নেই দাবি করে তিনি বলেন, ‘সরকারের পক্ষ থেকে কিছু বলা হচ্ছে না। আপনারা পত্রিকায় দেখছেন। আর এটা যদি ঘটনা হয় তো আমরাও দেখব।’
রাষ্ট্রপতিকে নিয়ে যেসব গুঞ্জন শোনা যাচ্ছে, সে বিষয়ে আরেক সাংবাদিকের প্রশ্নের উত্তরে স্বরাষ্ট্রমন্ত্রী বলে, ‘আপনি তো নিজেই বললেন এটি একটি গুঞ্জন। গুঞ্জন তো গুঞ্জনই।’ স্বাস্থ্যগত কারণেই রাষ্ট্রপতি সাহাবুদ্দিন পদত্যাগ করতে যাচ্ছেন কি না, সে প্রশ্নে সালাহউদ্দিন আহমদ বলেন, ‘সেটা উনাকে জিজ্ঞাসা করতে হবে।’












