নগরীর আমবাগান এলাকায় এক দম্পতির কাছ থেকে ‘লোকনাথ বাবার ভক্ত’ পরিচয়ে স্বর্ণালংকার হাতিয়ে নেওয়ার ঘটনা ঘটেছে। গত বুধবার দুপুরের দিকে আমবাগান নগর স্বাস্থ্য ক্লিনিক সংলগ্ন ক্যাপ্টেনের বিল্ডিংয়ের নিচ তলায় এ ঘটনা ঘটে। পরে মধ্য রাতে নগরীর হাজারী গলি এলাকায় অভিযান চালিয়ে এ ঘটনায় জড়িত সরোয়ার সরদারকে গ্রেপ্তার করেছে পুলিশ। তার হেফাজত থেকে উদ্ধার করা হয়েছে ২ ভরি ১ আনা স্বর্ণালংকার।
খুলশী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোজাম্মেল হক দৈনিক আজাদীকে এ তথ্য নিশ্চিত করে বলেন, সরোয়ার সরদার মুসলিম। তিনি নিজেকে নারায়নগঞ্জের বারদী মন্দিরের লোকনাথ বাবার ভক্ত পরিচয় দিয়ে আমবাগান এলাকার একটি বাসায় যান। বাসাটিতে অজিত ঘোষ নামের এক ব্যক্তি স্ত্রী–সন্তান নিয়ে থাকেন। প্রথমে ১১ টাকা চেয়েছিলেন সরোয়ার সরদার জানিয়ে ওসি বলেন, ১১ টাকা দেওয়া হলে তিনি সেটি ফেরত দিয়ে দেন। এরপর চাইলেন ১১০০ টাকা। সেটিও ফেরত দিয়ে দেন। তারপর চেয়ে বসেন ২৫০০ টাকা। তাও ফেরত দিয়ে তিনি শেষবার চাইলেন ৪ হাজার টাকা। এবারও তিনি টাকা ফেরত দিয়ে দিলেন। ওসি বলেন, একপর্যায়ে টাকা–পয়সা থেকে সরে তিনি চাল চাইলে অজিত ঘোষের স্ত্রী কয়েক কেজি চাল নিয়ে আসেন। কিন্তু ‘লোকনাথ বাবার ভক্ত’ শুধু এক মুঠো চাল দিতে বলেন। অজিত ঘোষের সন্তানকে বলেন, তুই দোকান থেকে পান নিয়ে আয়। অজিত ঘোষকেও কিছু একটা বলে বাইরে পাঠিয়ে দেওয়া হয়। একপর্যায়ে অজিত ঘোষের স্ত্রীকে বলেন, তুর উপর ‘বাবা’ সন্তুষ্ট। তুর কাছে থাকা স্বর্ণালংকারগুলো নিয়ে আয়। প্রতারকের এসব কর্মকাণ্ডে অজিত ঘোষের স্ত্রী বিমোহিত হয়ে পড়েন এবং বাসায় থাকা স্বর্ণালংকারগুলো তার হাতে তুলে দেন। এরপর প্রতারক দ্রুত সেখান থেকে সরে পড়েন। এ ঘটনায় অভিত ঘোষ থানায় এসে একটি মামলা দায়ের করেছেন জানিয়ে ওসি বলেন, গ্রেপ্তার পরবর্তী প্রতারক সরোয়ার সরদারকে আদালতে পাঠানো হয়।












