জুলাই আন্দোলনের শহীদদের মর্যাদা নিশ্চিত করা রাষ্ট্রের দায়িত্ব

মহানগরী জামায়াতের দায়িত্বশীল সমাবেশে নজরুল ইসলাম

| বৃহস্পতিবার , ২৩ জুলাই, ২০২৬ at ৭:৩৫ পূর্বাহ্ণ

জামায়াতে ইসলামী চট্টগ্রাম মহানগরীর দায়িত্বশীল সমাবেশ গত ২২ জুলাই নগর জামায়াতের দেওয়ানবাজারস্থ কার্যালয়ের বিআইএ মিলনায়তনে অনুষ্ঠিত হয়েছে। জামায়াতে মহানগরীর আমীর মুহাম্মদ নজরুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠিত সমাবেশে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় মজলিসে শূরার সদস্য অধ্যক্ষ নুরুল আমিন, এসিস্ট্যান্ট সেক্রেটারি মুহাম্মদ উল্লাহ ও ফয়সল মুহাম্মদ ইউনুস, সাংগঠনিক সম্পাদক অধ্যক্ষ শামসুজ্জামান হেলালী, ডা. ছিদ্দিকুর রহমান, এস. এম. লুৎফর রহমান, আবু হেনা মোস্তফা কামাল, মমতাজুর রহমান প্রমুখ। সভাপতির বক্তব্যে মুহাম্মদ নজরুল ইসলাম বলেন, জুলাই বিপ্লব ছিল একটি বৈষম্য, দুঃশাসন ও ফ্যাসিবাদমুক্ত নতুন বাংলাদেশ বিনির্মাণের গণআকাঙ্খাক্ষার প্রতিফলন। সেই আকাঙ্ক্ষা বাস্তবায়নে সরকারকে বিভেদের রাজনীতি পরিহার করে জাতীয় ঐক্যের পথে এগিয়ে যেতে হবে। তিনি বলেন, জুলাই আন্দোলনের সকল শহীদের সমান মর্যাদা নিশ্চিত করা রাষ্ট্রের নৈতিক ও সাংবিধানিক দায়িত্ব। তিনি অবিলম্বে সংবিধান সংস্কার পরিষদের শপথ গ্রহণ, জুলাই সনদের সাংবিধানিক স্বীকৃতি নিশ্চিতকরণ এবং সংস্কার কমিশনের যৌক্তিক প্রস্তাবসমূহ বাস্তবায়নের আহ্বান জানান।নজরুল ইসলাম বলেন, সামপ্রতিক ভারী বর্ষণ ও প্রাকৃতিক দুর্যোগে বৃহত্তর চট্টগ্রামের বিস্তীর্ণ এলাকা ক্ষতিগ্রস্ত হয়েছে। এ পরিস্থিতিতে বিরোধীদলীয় নেতা ডা. শফিকুর রহমানের বৃহত্তর চট্টগ্রামকে দুর্গত এলাকা ঘোষণার দাবিকে সরকার গুরুত্বের সঙ্গে বিবেচনা করা উচিত। তিনি অন্তত সেপ্টেম্বর মাস পর্যন্ত ত্রাণ কার্যক্রম অব্যাহত রাখা এবং ক্ষতিগ্রস্ত মানুষের পুনর্বাসনে সমন্বিত উদ্যোগ গ্রহণের আহ্বান জানান।

পূর্ববর্তী নিবন্ধবন্যাকবলিত ৪,৫০০ পরিবারের পাশে ব্র্যাক ব্যাংক
পরবর্তী নিবন্ধনগরে বন্দর রক্ষা কমিটির মশাল মিছিল