এনসিপি কার্যালয়ে মার্কিন রাষ্ট্রদূত, বাণিজ্য চুক্তিসহ নানা বিষয়ে আলোচনা

| বৃহস্পতিবার , ২৩ জুলাই, ২০২৬ at ৭:১২ পূর্বাহ্ণ

জাতীয় নাগরিক পার্টির (এনসিপির) কার্যালয়ে দলটির শীর্ষ নেতাদের সঙ্গে বৈঠক করেছেন ঢাকায় মার্কিন রাষ্ট্রদূত ব্রেন্ট ক্রিস্টেনসেনের নেতৃত্বাধীন একটি প্রতিনিধি দল। বৈঠকে বাংলাদেশের ভবিষ্যৎ রাজনীতি, গণতান্ত্রিক উত্তরণ, দলের রাজনৈতিক দর্শন, বাংলাদেশযুক্তরাষ্ট্র দ্বিপাক্ষিক সম্পর্ক এবং সাম্প্রতিক বাণিজ্য চুক্তি নিয়ে বিস্তারিত আলোচনা হয় বলে এক সংবাদ বিজ্ঞপ্তিতে তথ্য দিয়েছে এনসিপি। খবর বিডিনিউজের।

বিজ্ঞপ্তিতে বলা হয়, বুধবার রাজধানীর বাংলামোটরে দলের কেন্দ্রীয় কার্যালয়ে দুপুর সাড়ে ১২টায় এ বৈঠক অনুষ্ঠিত হয়। এ সময় এনসিপি নেতারা বর্তমান বৈশ্বিক অর্থনীতি ও ভূরাজনৈতিক প্রেক্ষাপটে বাংলাদেশের উন্নয়নে যুক্তরাষ্ট্রের সঙ্গে সম্পর্কের গুরুত্ব তুলে ধরেন। একই সঙ্গে দ্বিপাক্ষীয় ও বহুপক্ষীয় সহযোগিতা আরো জোরদারের বিভিন্ন দিক নিয়ে মতবিনিময় হয়।

আলোচনাকালে এনসিপি নেতারা সাম্প্রতিক বাণিজ্য চুক্তির বিভিন্ন দিক নিয়ে জনগণের মধ্যে বিদ্যমান প্রশ্ন ও উদ্বেগের বিষয়গুলো তুলে ধরেন। জবাবে মার্কিন রাষ্ট্রদূত ও তার প্রতিনিধি দল সেসবের ব্যাখ্যা দেন। এ চুক্তি ভবিষ্যতে দুই দেশের মধ্যে বাণিজ্য ও অর্থনৈতিক সহযোগিতার নতুন সুযোগ সৃষ্টি করবে এবং উভয় দেশের জনগণের জন্য ইতিবাচক ফল বয়ে আনবে বলে দাবি করেন তারা।

বৈঠক শেষে এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম বাংলাদেশ ও যুক্তরাষ্ট্রের মধ্যকার পারস্পরিক সহযোগিতা, বন্ধুত্বপূর্ণ সম্পর্ক এবং গঠনমূলক সংলাপ ভবিষ্যতেও অব্যাহত থাকবে বলে আশাবাদ ব্যক্ত করেন। বৈঠকে মার্কিন রাষ্ট্রদূতের সঙ্গে উপস্থিত ছিলেন দূতাবাসের রাজনৈতিক উপদেষ্টা এরিক গিলান এবং রাজনৈতিক সচিব জেমস স্টুয়ার্ট।

এনসিপির পক্ষ থেকে ছিলেন দলের মুখপাত্র আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া, আন্তর্জাতিক সেলের ইনচার্জ আলাউদ্দীন মোহাম্মদ এবং আন্তর্জাতিক সেলের সদস্য মনিরা শারমিন ও নাভিদ নওরোজ শাহ।

পূর্ববর্তী নিবন্ধবন্যায় ক্ষতিগ্রস্তদের পুনর্বাসনে কাজ করবে জেলা পরিষদ : শামীম
পরবর্তী নিবন্ধশাহ আমানত হয়ে আমিরাতে ইয়াবা পাচারের চেষ্টা,যুবকের যাবজ্জীবন