স্ক্রিপ নেটিং /ডে নেটিং বা ইন্ট্রাডে ট্রেডিং চালুর সিদ্ধান্ত বাতিল করে বিদ্যমান ট্রেডিং ব্যবস্থা বহালসহ আট দফা দাবিতে বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি) চেয়ারম্যান মাসুদ খান বরাবর স্মারকলিপি দিয়েছে ইনভেস্টরস ফোরাম অব চট্টগ্রাম। গতকাল বুধবার দুপুরে চট্টগ্রাম স্টক এঙচেঞ্জের (সিএসই) ব্যবস্থাপনা পরিচালক এম সাইফুর রহমান মজুমদারের কাছে স্মারকলিপি হস্তান্তর করা হয়।
স্মারকলিপি প্রদান করেন ফোরামের আহ্বায়ক আছলাম মোরশেদ, যুগ্ম আহবায়ক খোরশেদ আলম মিলন ও এমএ কাদের, বিনিয়োগকারী মোহাম্মদ কায়সার। এ সময় উপস্থিত ছিলেন চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের কর্মকর্তা আরিফ আহমেদ। খবর বাংলানিউজের।
ফোরামের অন্য দাবিগুলোর মধ্যে রয়েছে– মৌল ভিত্তির কোম্পানিগুলো পুঁজিবাজারে দ্রুত তালিকাভুক্ত করা, ১৫ বছর ধরে যারা পুঁজিবাজারে কারসাজি করেছে তাদের আইনের আওতায় আনা, ২০১০ সালের ধসের পর অচল করে রাখা অ্যাকাউন্টে বিনিয়োগকারীদের লেনদেনের সুযোগ দেওয়া, সম্মিলিত পাঁচ ইসলামি ব্যাংকের বিনিয়োগকারীদের স্বার্থে দ্রুত সিদ্ধান্ত গ্রহণ, ৫ শতাংশের নিচে ক্যাশ ডিভিডেন্ট না দেওয়া, বন্ধ কোম্পানিগুলোতে নতুন পর্ষদ গঠনসহ চালুর ব্যবস্থা ও তালিকাভুক্ত যেসব বন্ধ কোম্পানি নিয়মিত অডিট বা এজিএম করছে না সেগুলোর বিরুদ্ধে কার্যকর সিদ্ধান্ত নেওয়া এবং বিশেষজ্ঞদের দিয়ে মার্জিন বিধিমালা ২০২৫ এর খসড়া সংশোধনী আরও পরীক্ষা নিরীক্ষা করা।











