চবিতে আজ সেমিনার ও সংগীতানুষ্ঠান

নজরুল বর্ষ

চবি প্রতিনিধি | বুধবার , ২২ জুলাই, ২০২৬ at ৭:৫২ পূর্বাহ্ণ

জাতীয় কবি কাজী নজরুল ইসলামের ১২৭তম জয়ন্তী উপলক্ষে সরকার ঘোষিত ‘নজরুল বর্ষ’ উদযাপনে বছরব্যাপী অনুষ্ঠানমালার অংশ হিসেবে চবিতে আজ বুধবার সেমিনার ও নজরুল সংগীতানুষ্ঠানের আয়োজন করা হয়েছে। গতকাল মঙ্গলবার উপউপাচার্য (প্রশাসন) প্রফেসর ড. মো. সফিকুল ইসলামের কার্যালয়ে অনুষ্ঠিত এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানানো হয়।

সংবাদ সম্মেলনে জানানো হয়, আজ সকাল ১০টায় সমাজবিজ্ঞান অনুষদ মিলনায়তনে এ অনুষ্ঠানের আয়োজন করা হবে। এতে প্রধান অতিথি থাকবেন উপাচার্য প্রফেসর ড. মোহাম্মদ আল্‌ফোরকান। বিশেষ অতিথি থাকবেন উপউপাচার্য (অ্যাকাডেমিক) প্রফেসর ড. মোহাম্মদ আলআমীন। সেমিনার পর্বে সভাপতিত্ব করবেন উপউপাচার্য (প্রশাসন) প্রফেসর ড. মো. সফিকুল ইসলাম।সেমিনারে ‘ দেশপ্রেম, মানবতা ও গণজাগরণে জাতীয় কবি কাজী নজরুল ইসলাম’ শীর্ষক প্রবন্ধ উপস্থাপন করবেন নজরুল গবেষক প্রফেসর ড. মোহাম্মদ নুরুল আমিন। আলোচনায় অংশ নেবেন বাংলা বিভাগের সভাপতি প্রফেসর ড. মোহাম্মদ আনোয়ার সাঈদ এবং একই বিভাগের প্রফেসর ড. তাসলিমা বেগম। সাংস্কৃতিক পর্বে নজরুল সংগীত শিল্পী ফেরদৌস আরা নজরুল সংগীত পরিবেশন করবেন। পাশাপাশি নাট্যকলা ও সংগীত বিভাগের শিক্ষার্থীরা নৃত্যালেখ্য ও সংগীত পরিবেশন করবেন।

পূর্ববর্তী নিবন্ধচট্টগ্রাম ১১ দলীয় ঐক্যের প্রস্তুতি সভা
পরবর্তী নিবন্ধচট্টগ্রামে ব্র্যাক ব্যাংকের নতুন দুটি এটিএম বুথ উদ্বোধন