দেশের স্বার্থে চীনের সঙ্গে সম্পর্ক আরো শক্তিশালী করা প্রয়োজন : ফখরুল

| রবিবার , ১৯ জুলাই, ২০২৬ at ৭:১১ পূর্বাহ্ণ

বিএনপি যখন বিরোধী দল ছিল তখনো চীনের সঙ্গে রাজনৈতিক যোগাযোগ বজায় রেখেছিল তুলে ধরে দেশটির সঙ্গে সম্পর্ক আরো জোরদারে গুরুত্বারোপ করেছেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তিনি বলেছেন, বাংলাদেশের জাতীয় স্বার্থে চীনের সঙ্গে সম্পর্ক আরো শক্তিশালী করার পাশাপাশি ভারত, ইউরোপ, যুক্তরাষ্ট্রসহ বিশ্বের অন্যান্য দেশের সঙ্গেও ভারসাম্যপূর্ণ ও পারস্পরিক স্বার্থভিত্তিক সম্পর্ক বজায় রাখা প্রয়োজন। খবর বিডিনিউজের।

গতকাল শনিবার ঢাকার একটি হোটেল বাংলাদেশচায়না ফ্রেন্ডশিপ অ্যাসোসিয়েশন আয়োজিত ‘বাংলাদেশচীন সম্পর্ক দীর্ঘজীবী হোক’ শীর্ষক আলোচনা সভায় তিনি এসব কথা বলেন। বাংলাদেশের উন্নয়নের ধারাকে আরো গতিশীল করতে বাণিজ্য, বিনিয়োগ, প্রযুক্তি এবং অবকাঠামো উন্নয়নে সহযোগিতা বাড়াতে আগ্রহ প্রকাশ করেছে চীন। একই সঙ্গে রোহিঙ্গা সংকটের শান্তিপূর্ণ সমাধানেও বাংলাদেশের পাশে থাকার আশ্বাস দিয়েছে দেশটি।

সে প্রসঙ্গে ধরে মির্জা ফখরুল বলেন, বাংলাদেশ ও চীনের সম্পর্ক ঐতিহাসিক এবং সময়ের সঙ্গে সঙ্গে তা আরো গভীর ও বহুমাত্রিক হয়েছে। স্বাধীনতার পর শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের সময়ে দুই দেশের সম্পর্ক সুদৃঢ় ভিত্তি লাভ করে। পরবর্তীতে সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার চীন সফর এ সম্পর্ককে আরো এগিয়ে নিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে।

বর্তমানে বাংলাদেশচীন সম্পর্ক কেবল রাষ্ট্রীয় পর্যায়ে সীমাবদ্ধ নয় মন্তব্য করে স্থানীয় সরকারমন্ত্রী বলেন, শিক্ষা, ব্যবসাবাণিজ্য, প্রযুক্তি এবং জনগণের পারস্পরিক যোগাযোগের ক্ষেত্রেও এর বিস্তৃতি ঘটেছে। বাংলাদেশের অনেক শিক্ষার্থী চীনে উচ্চশিক্ষা গ্রহণ করছেন, উদ্যোক্তারা ব্যবসা সম্প্রসারণ করছেন এবং আধুনিক প্রযুক্তি দেশে এনে নতুন কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি করছেন। বিজ্ঞান, প্রযুক্তি ও অর্থনীতিতে চীনের অভূতপূর্ব অগ্রগতি বাংলাদেশের জন্য একটি বড় সম্ভাবনা। চীনের অভিজ্ঞতা, প্রযুক্তি ও বিনিয়োগকে কার্যকরভাবে কাজে লাগাতে পারলে দেশের উন্নয়ন আরো গতিশীল হবে।

বাংলাদেশে নিযুক্ত চীনের রাষ্ট্রদূত ইয়াও ওয়েন বলেন, বাংলাদেশের সঙ্গে ব্যবসাবাণিজ্য ও বিনিয়োগ আরো বাড়াতে চীন আগ্রহী। তিনি দ্বিপক্ষীয় সহযোগিতা অব্যাহত রাখার পাশাপাশি রোহিঙ্গা সংকটের সমাধানেও চীনের সহযোগিতার আশ্বাস পুনর্ব্যক্ত করেন।

পূর্ববর্তী নিবন্ধমীরসরাইয়ে পুকুরে নেমে স্কুলছাত্রের মৃত্যু
পরবর্তী নিবন্ধবন্যাকবলিত কৃষকদের বীজ বিতরণে অনিয়ম সহ্য করা হবে না