রাঙামাটির বাঘাইছড়ি উপজেলার সাজেক ইউনিয়নে একটি ডাম্প ট্রাকের ধাক্কায় সুমন্তী চাকমা (৩০) নামে এক গর্ভবতী শিক্ষিকা নিহত হয়েছেন। শনিবার (১৮ জুলাই) সকাল সাড়ে ৯টার দিকে সাজেকের চাম্পাতলী এলাকায় এ দুর্ঘটনা ঘটেছে।
জানা গেছে, নিহত সুমন্তী চাকমা বাঘাইছড়ি উপজেলার সাজেক ইউনিয়নের চাপ-আদাম সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক।
বাঘাইছড়ি উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা সঞ্চয়ন চাকমা ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, সুমন্তী চাকমা মাতৃত্বকালীন ছুটিতে ছিলেন। আজ (শনিবার) সকালে সন্তান প্রসবের জন্য তিনি সিএনজিচালিত অটোরিকশাযোগে খাগড়াছড়ি আধুনিক জেলা সদর হাসপাতালে যাচ্ছিলেন।
পথে চাম্পাতলি এলাকায় পৌঁছালে ডাম্পার গাড়িটি তাদের অটোরিকশাকে ধাক্কা দেয়। পরে স্থানীয় লোকজন তাকে উদ্ধার করে খাগড়াছড়ি সদর হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
সাজেক থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তোফাজ্জল হোসেন বলেন, ডাম্প ট্রাকের ধাক্কায় এক শিক্ষিকা আহত হয়ে হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে বলে শুনেছি। মারা গেছে কি-না খোঁজখবর নিয়ে বিস্তারিত জানা যাবে।












