লোহাগাড়া উপজেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক মনোনীত হয়েছেন বৈষম্যবিরোধী ছাত্র–জনতার আন্দোলনে হামলার ঘটনায় দায়ের করা মামলার এজাহারভূক্ত আসামি এস এম চিশতী। তিনি উপজেলার সদর ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ডের দরবেশহাট এলাকার আনোয়ারুল ইসলামের পুত্র। বৃহস্পতিবার (১৬ জুলাই) রাতে সামাজিক যোগাযোগ মাধ্যমে বিষয়টি জানাজানি হয়।
জানা যায়, চলতি সনের ৩০ এপ্রিল জাতীয় ক্রীড়া পরিষদ আইন অনুযায়ী পরিষদের পরিচালক টিটন খীসা স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনে উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. বায়েজীদ–বিন–আখন্দকে আহবায়ক ও কুতুব উদ্দিনকে সদস্য সচিব করে ৭ সদস্য বিশিষ্ট উপজেলা ক্রীড়া সংস্থার এডহক কমিটি গঠন করা হয়। উক্ত এডহক কমিটিকে স্থানীয় ক্রীড়া সংস্থার গঠনতন্ত্র মোতাবেক নির্ধারিত সময়ের মধ্যে নির্বাচন আয়োজন করতে বলা হয়। কিন্তু গত ৭ জুলাই এডহক কমিটি কোনো ধরণের নির্বাচন আয়োজন না করে ২৫ সদস্য বিশিষ্ট একটি কার্যকরী কমিটি ঘোষণা করে। ওই কমিটিতে সভাপতি পদে পদাধিকার বলে ইউএনও মো. বায়েজীদ–বিন–আখন্দকে সভাপতি ও বিস্ফোরক মামলার আসামি এস এম চিশতীকে সাধারণ সম্পাদক মনোনীত করা হয়। গত বছরের ১২ নভেম্বর চিশতী বিস্ফোরক মামলায় গ্রেপ্তার হয়ে প্রায় ১ মাস পর জামিনে মুক্তি পান। লোহাগাড়া উপজেলা ক্রীড়া সংস্থার এডহক কমিটির সদস্য সচিব কুতুব উদ্দিন বলেন, নির্বাচন নিয়ে কোনো ধরণের মিটিং হয়নি। তিনি এ বিষয়ে কিছুই জানেন না। অভিযুক্ত এস এম চিশতী বলেন, সবধরনের শর্ত পূরণ করে উপজেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক পদে মনোনীত হয়েছেন। তাকে অন্যায়ভাবে বিস্ফোরক মামলায় আসামি করা হয়েছে।
লোহাগাড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. বায়েজীদ–বিন–আখন্দ বলেন, তিনি জুম মিটিংয়ে আছেন। বিষয়টি দেখবেন। চট্টগ্রাম জেলা প্রশাসক মোহাম্মদ জাহিদুল ইসলাম মিঞা বলেন, এ বিষয়ে খোঁজখবব নিয়ে ব্যবস্থা নেওয়া হবে।











