কক্সবাজারের চকরিয়ায় পূর্ব বিরোধের জের ধরে এক ব্যবসায়ীকে গুলি করার ঘটনা ঘটেছে। গুলিবিদ্ধ রমিজ উদ্দিনকে (৪০) প্রথমে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ও পরে উন্নত চিকিৎসার জন্য চট্টগ্রাম মেডিক্যাল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়। গতকাল শুক্রবার দুপুর ১২টার দিকে উপজেলার চিরিঙ্গা ইউনিয়নের পালাকাটা এলাকায় এ ঘটনা ঘটে। গুলিবিদ্ধ রমিজ একই এলাকার বাসিন্দা।
আহত রমিজের পরিবারের সদস্যদের অভিযোগ, ব্যবসায়ী রমিজ উদ্দিন গতকাল শুক্রবার দুপুরে চিরিঙ্গা ইউনিয়নের পালাকাটা মাছঘাট স্টেশন থেকে সিএনজিচালিত টেক্সিতে করে বাড়ি ফিরছিলেন। তিনি বাড়ির কাছাকাছি পৌঁছালে দুই যুবক টেক্সিটির গতিরোধ করে। পরে তারা রমিজ উদ্দিনকে গুলি করলে তিনি সড়কে লুটিয়ে পড়েন। ঘটনার পর হামলাকারীরা দ্রুত সেখান থেকে সটকে পড়ে। এ সময় স্থানীয় লোকজন তাকে উদ্ধার করে প্রথমে চকরিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানে প্রাথমিক চিকিৎসা দেওয়ার পর অবস্থার অবনতি হলে তাকে চট্টগ্রাম মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠানো হয়।
চকরিয়া উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা মোহাম্মদ জায়নুল আবেদীন বলেন, রমিজের বুকের ডান পাশে ছররা গুলি লেগেছে। তার অবস্থা আশঙ্কাজনক হওয়ায় উন্নত চিকিৎসার জন্য চট্টগ্রাম মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।
পুলিশ জানায়, গুলির ঘটনায় জড়িত হিসেবে নাম আসা অভিযুক্তদের আটক করতে পুলিশ তৎপর রয়েছে। তবে তারা আত্মগোপনে থাকায় আটক করা সম্ভব হয়নি।
পূর্ব বিরোধের জের ধরে এ ঘটনা ঘটেছে জানিয়ে চকরিয়া থানার ওসি মো. আরিফুর রহমান বলেন, হামলাকারীদের শনাক্তসহ তাদের আটক করতে পুলিশের অভিযান চলমান রয়েছে। এ ঘটনায় পরিবারের পক্ষ থেকে লিখিত অভিযোগ প্রাপ্তি সাপেক্ষে মামলা রুজু করাসহ পরবর্তী আইনগত পদক্ষেপ গ্রহণ করা হবে।












