ফাইনালের আগে ইয়ামালকে নিয়ে জল্পনা

স্পোর্টস ডেস্ক | শনিবার , ১৮ জুলাই, ২০২৬ at ৫:২৬ পূর্বাহ্ণ

বিশ্বকাপ ফাইনালের আগে স্পেন উদ্বেগে আছে তাদের তারকা লামিনে ইয়ামালকে নিয়ে। স্পেনের ১৯ বছর বয়সি স্ট্রাইকার আলাদা অনুশীলন করায় তৈরি হয়েছে এই জল্পনা। তার চোট আছে কিনা তাই নিয়ে এই সন্দেহ। ইয়ামালের সঙ্গে আলাদা অনুশীলন করেছেন ডিফেন্ডার পেদ্রো পোররো। গত বৃহস্পতিবার নিউ জার্সিতে গোটা স্পেন দল একসঙ্গে অনুশীলন করলেও ইয়ামাল এবং পোররো আলাদা গা ঘামিয়েছেন। হালকা অনুশীলন করেছেন দুজনেই। স্বাভাবিকভাবেই আর্জেন্টিনার বিরুদ্ধে ফাইনালের আগে প্রথম একাদশের দুই গুরুত্বপূর্ণ সদস্যকে নিয়ে উদ্বেগ তৈরি হয়েছে স্পেন সমর্থকদের মধ্যে। যদিও সংবাদ সংস্থা রয়টার্সকে স্প্যানিশ ফুটবল ফেডারেশন উদ্বেগ উড়িয়ে দিয়ে জানিয়েছে, ১৯ জুলাই ফাইনালে দুজনেই খেলবেন।

গুরুতর কোনও চোট নেই ইয়ামাল বা পোররোর। ফ্রান্সের বিরুদ্ধে সেমিফাইনালে দুজনেই স্বচ্ছন্দে খেলেন। তারপর আলাদা অনুশীলন করায় ইয়ামাল এবং পোররোর ফাইনাল খেলা নিয়ে জল্পনা তৈরি হয়। স্পেনের ফুটবল কর্তারা জানিয়েছেন, চোটের জন্য দুজন আলাদা অনুশীলন করেননি। তাদের শারীরিক ধকলের কথা মাথায় রেখেই আলাদা হালকা অনুশীলন করানো হয়েছে। এর সঙ্গে চোটের কোনো সম্পর্ক নেই। দুজনকেই আর্জেন্টিনার বিরুদ্ধে ফাইনালে পাওয়া যাবে।

স্পেন শিবির সূত্রে জানা গিয়েছে, কারও ফিটনেস নিয়েই সমস্যা নেই। ফাইনালে ইয়ামাল এবং পোররো যাতে পুরো ৯০ মিনিট মাঠে থাকতে পারেন, তা নিশ্চিত করতেই হালকা অনুশীলন করানো হয়েছে। শারীরিক ক্লান্তির কথা মাথায় রেখেই এই সিদ্ধান্ত। সমর্থকদের অযথা উদ্বিগ্ন না হওয়ার পরামর্শও দেওয়া হয়েছে।

সরকারিভাবে স্বীকার করা না হলেও রয়টার্স জানাচ্ছে, পোররোর হ্যামস্ট্রিংয়ে হালকা টান লেগেছিল সেমিফাইনাল ম্যাচে। তাই ঝুঁকি নেওয়া হয়নি। ফাইনালের কথা মাথায় রেখে যতটা সম্ভব বিশ্রামে রাখা হয়েছে তাকে। সঙ্গে চলছে প্রয়োজনীয় চিকিৎসা। ইয়ামালের কোনও চোট নেই। ফর্মে থাকা তরুণ স্ট্রাইকারকে ফাইনালে সম্পূর্ণ তরতাজা অবস্থায় পেতে চান কোচ লুই দে লা ফুয়েন্তে।

পূর্ববর্তী নিবন্ধমহেশখালীর গহীন পাহাড়ে অস্ত্রের কারখানা
পরবর্তী নিবন্ধএক বছর প্রস্তুতি নিয়ে মেসির এই পারফরম্যান্স