সনাতন ধর্মাবলম্বীদের অন্যতম ধর্মীয় অনুষ্ঠান জগন্নাথদেবের রথযাত্রা উৎসব শুরু হচ্ছে আজ। সনাতনী রীতি অনুযায়ী, প্রতি বছর আষাঢ় মাসের শুক্লপক্ষের দ্বিতীয়া তিথিতে শুরু হয় জগন্নাথদেবের রথযাত্রা। বর্ণাঢ্য শোভাযাত্রাসহ নানা ধর্মীয় অনুষ্ঠানমালার মাধ্যমে আনন্দমুখর পরিবেশে ৯ দিনব্যাপী জগন্নাথ দেবের রথযাত্রা মহোৎসবের আয়োজন করা হয়েছে।
সনাতন ধর্মাবলম্বীদের বিশ্বাস, জগন্নাথদেব হলেন জগতের নাথ বা অধীশ্বর। জগৎ হচ্ছে বিশ্ব আর নাথ হচ্ছেন ঈশ্বর। তাই জগন্নাথ হচ্ছেন জগতের ঈশ্বর। তার অনুগ্রহ পেলে মানুষের মুক্তিলাভ হয়। জীবরূপে তাঁকে আর জন্ম নিতে হয় না। এই বিশ্বাস থেকেই রথের উপর জগন্নাথ দেবের প্রতিমূর্তি রেখে রথ নিয়ে যাত্রা করেন সনাতন ধর্মাবলম্বীরা। সারাদেশের ন্যায় চট্টগ্রামেও রথযাত্রা উৎসব মাঙ্গলিক অনুষ্ঠানের মধ্য দিয়ে উদযাগিত হবে।
ইসকন প্রবর্তক শ্রীকৃষ্ণ মন্দির :
প্রতি বছরের ন্যায় এবছরও মহাসাড়ম্বরে আজ থেকে ৯ দিন ব্যাপী আন্তর্জাতিক কৃষ্ণভাবনামৃত সংঘ (ইসকন), ইসকন প্রবর্তক শ্রীকৃষ্ণ মন্দিরে সনাতনী সমপ্রদায়ের মিলনমেলা জগন্নাথদেবের রথযাত্রা উদযাপিত হবে। ভোরে মঙ্গলারতির মধ্য দিয়ে শুরু হয়ে গুরুপূজা, ভাগবত পাঠ, ভজন–কীর্তনসহ দিনব্যাপী বিভিন্ন ধর্মীয় অনুষ্ঠানমালার মধ্য দিয়ে মহাসমারোহে রথযাত্রা উদযাপিত হবে। আজ বিকাল ৩ টায় প্রবর্তক মোড় হতে জগন্নাথদেবের রথযাত্রার মহাশোভাযাত্রা শুরু হবে। রথযাত্রার উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি থাকবেন অর্থ ও পরিকল্পনা মন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী, উদ্বোধন করবেন সিটি মেয়র ডা. শাহাদাত হোসেন। অতিথি থাকবেন ভারতীয় সহকারী হাইকমিশনার হরিশ কুমার। বিশেষ অতিথি থাকবেন, সিডিএ চেয়ারম্যান ইঞ্জিনিয়ার বেলায়েত হোসেন, বিএনপির কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক মাহবুবের রহমান শামীম, মহানগর বিএনপির সাবেক সাধারণ সম্পাদক আবুল হাশেম বক্কর, জন্মাষ্টমী উদযাপন পরিষদ বাংলাদেশ কেন্দ্রীয় কমিটির সভাপতি অ্যাডভোকেট চন্দন তালুকদার ও সাধারণ সম্পাদক লায়ন আর কে দাশ রুপু, মহানগর পূজা উদযাপন পরিষদের ভারপ্রাপ্ত সভাপতি অধ্যাপক অর্পণ কান্তি ব্যানার্জি। রথযাত্রার অনুষ্ঠানে সভাপতিত্ব ও পৌরহিত্য করবেন ইসকন প্রবর্তক শ্রীকৃষ্ণ মন্দিরের অধ্যক্ষ শ্রীপাদ দারুব্রহ্ম জগন্নাথ দাস ব্রহ্মচারী। আগামীকাল শুক্রবার থেকে শুরু হবে ৭ দিন ব্যাপী ভাগবত সপ্তাহ। মহাশোভাযাত্রা পথসূচি : প্রবর্তক মোড় হতে শুরু করে গোল পাহাড় মোড়–চট্টেশ্বরী মোড়–কাজীর দেউড়ি মোড়–জামালখান মোড়–চেরাগী পাহাড় মোড়–আন্দরকিল্লা মোড়–বঙিরহাট বিট–লালদীঘি মোড়–কোতয়ালী মোড়–সিনেমা প্যালেস–কেসিদে রোড–নন্দনকানন ইসকন মন্দিরে গিয়ে শেষ হবে।
ডিসি হিলে নন্দনকানন ইস্কন :
আন্তর্জাতিক কৃষ্ণভাবনামৃত সংঘ (ইস্কন), নন্দনকানন আয়োজিত জগন্নাথদেবের বিভাগীয় ২৯তম কেন্দ্রীয় রথযাত্রা মহোৎসব নগরীর ডিসি হিলে আজ অনুষ্ঠিত হবে। রথযাত্রা মহোৎসব উপলক্ষে দিনব্যাপী অনুষ্ঠানমালায় রয়েছে–মঙ্গলারতি, গুরুপূজা, শ্রীম্দ্ভাগবত পাঠ, জগন্নাথ বলদেব সুভদ্রা মহারাণীর রাজবেশ দর্শন, বিশ্ব শান্তি কামনায় হোমযজ্ঞ, রাজভোগ নিবেদন, কীর্তনমেলা, ধর্ম মহাসম্মেলন, মহাশোভাযাত্রা। আজ নন্দনকানন রাধামাধব মন্দির সন্মুখ ডিসি হিল প্রাঙ্গন হতে বিভাগীয় কেন্দ্রীয় ইস্কনের রথযাত্রার মহাশোভাযাত্রা বিকাল ৩টায় শুরু হবে। প্রতি বছরের ন্যায় এবছরও ২৪ জুলাই পর্যন্ত ৯ দিন ব্যাপী বিভিন্ন অনুষ্ঠানমালার আয়োজন করা হয়েছে। ৭ দিনব্যাপী ভার্চুয়ালি ভাগবদ সপ্তাহ প্রদান করবেন শ্রীপাদ কমলাপতি দাস ব্রহ্মচারী। মহাশোভাযাত্রা নন্দনকানস্থ রাধামাধব মন্দির সম্মুখে ডিসি হিল প্রাঙ্গন থেকে শুরু হয়ে চেরাগী পাহাড়–আন্দরকিল্লা–লালদিঘির পাড়–কোতোয়ালী–নিউ মার্কেট–বোস ব্রাদার্স মোড়–নন্দনকানন গৌর নিতাই আশ্রম এসে শেষ হবে। আগামী ২৪ জুলাই উল্টো রথযাত্রা নন্দনকানন গৌর নিতাই আশ্রম হতে শুরু করে উল্টো পথে নন্দনকানন রাধামাধব মন্দিরে এসে শেষ হবে। হাজার হাজার নরনারীসহ কলেজ বিশ্ববিদ্যালয়ের শিক্ষক শিক্ষার্থীবৃন্দ ব্যানার, প্ল্ল্যাকার্ড, ফেস্টুন, পৌরাণিক সাজ ও বাদ্যযন্ত্র নিয়ে যোগদান করবেন।
হাটহাজারী :
হাটহাজারী প্রতিনিধি জানান, হাটহাজারীতে রথযাত্রা উৎসব আজ বৃহস্পতিবার মহাসমারোহে উদযাপিত হবে। এ উপলক্ষে উপজেলার আওতাধীর পশ্চিম ধলই জগন্নাথ ধাম আশ্রম, এনায়েতপুর জগন্নাথ আশ্রম, মির্জাপুর জগন্নাথ আশ্রম, মির্জাপুর পূর্ব নন্দীবাড়ি মধু মঙ্গল জগন্নাথ আশ্রয়, নন্দীরহাট জগন্নাথ আশ্রম, মেখল পুন্ডরিক ধাম আশ্রমে পৃথক কর্মসূচি গ্রহণ করা হয়েছে।










