ফটিকছড়ি, হাটহাজারী ও বোয়ালখালীসহ তিন পার্বত্য জেলায় বন্যায় ক্ষতিগ্রস্ত মানুষের পাশে ত্রাণ, উদ্ধার ও জরুরি চিকিৎসা সহায়তা কার্যক্রম অব্যাহত রেখেছে বাংলাদেশ সেনাবাহিনী। চট্টগ্রাম সেনানিবাস এবং তিন পার্বত্য রিজিয়নের সদস্যরা গত ২৪ ঘণ্টায় ছোট ছোট মোবাইল টিমে বিভক্ত হয়ে দুর্গম ও প্রান্তিক এলাকায় পৌঁছে বন্যাদুর্গত মানুষের কাছে খাদ্য, বিশুদ্ধ পানি ও চিকিৎসাসেবা পৌঁছে দেন। দুর্গত এলাকায় যোগাযোগ ব্যবস্থা ব্যাহত থাকলেও সেনাসদস্যরা বিভিন্ন স্থানে সরাসরি গিয়ে সহায়তা কার্যক্রম পরিচালনা করছেন। সেনাবাহিনীর তথ্যমতে, চট্টগ্রাম ও তিন পার্বত্য জেলা মিলিয়ে এখন পর্যন্ত প্রায় তিন হাজার ক্ষতিগ্রস্ত পরিবারের মধ্যে শুকনো খাবার ও বিশুদ্ধ খাবার পানি বিতরণ করা হয়েছে। পাশাপাশি প্রায় পাঁচ হাজার মানুষকে জরুরি চিকিৎসাসেবা প্রদান করা হয়েছে।
এদিকে বন্যা ও সড়ক যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে পড়ায় সাজেকসহ বিভিন্ন পর্যটন কেন্দ্রে আটকে থাকা প্রায় তিন হাজার পর্যটককে নিরাপদে সংশ্লিষ্ট জেলা শহরগুলোতে পৌঁছে দিয়েছে সেনাবাহিনী। বাংলাদেশ সেনাবাহিনী জানিয়েছে, বন্যা পরিস্থিতির সম্পূর্ণ উন্নতি না হওয়া পর্যন্ত দুর্গত মানুষের জন্য ত্রাণ বিতরণ, উদ্ধার অভিযান এবং চিকিৎসা সহায়তাসহ সব ধরনের মানবিক কার্যক্রম অব্যাহত থাকবে।












