রথযাত্রায় সহযোগিতা করার লক্ষ্যে মহানগর বিএনপির মতবিনিময় সভা

আজাদী প্রতিবেদন | সোমবার , ১৩ জুলাই, ২০২৬ at ১০:৫৭ পূর্বাহ্ণ

সনাতন ধর্মাবলম্বীদের অন্যতম ধর্মীয় উৎসব রথযাত্রা নির্বিঘ্ন ও উৎসবমুখর পরিবেশে পালনে সহযোগিতা করার লক্ষ্যে চট্টগ্রাম মহানগর বিএনপি ও অঙ্গসহযোগী সংগঠনের উদ্যোগে মতবিনিময় সভা গতকাল রোববার বিকেলে জিয়া স্মৃতি জাদুঘর হলরুমে অনুষ্ঠিত হয়েছে। এতে বিএনপি নেতারা বলেন, সামপ্রতিক জাতীয় নির্বাচনে সনাতন ধর্মাবলম্বীদের উল্লেখযোগ্য সমর্থন পেয়েছে বিএনপি। আগামী দিনেও পারস্পরিক এই সম্পর্ক ও সমপ্রীতি বজায় থাকবে।

চট্টগ্রাম মহানগর বিএনপির আহ্বায়ক এরশাদ উল্লাহ এমপির সভাপতিত্বে সভায় প্রধান অতিথি ছিলেন চট্টগ্রাম বিভাগীয় সাংগঠনিক সম্পাদক মাহবুবের রহমান শামীম। বিশেষ অতিথি ছিলেন নগর বিএনপির সদস্য সচিব নাজিমুর রহমান।

মাহবুবের রহমান শামীম বলেন, রথযাত্রাসহ সনাতন ধর্মাবলম্বীদের সব ধর্মীয় উৎসব শান্তিপূর্ণভাবে উদযাপনে প্রশাসনের পাশাপাশি বিএনপি সর্বক্ষণিক সহযোগিতা করবে। অতীতের মতো ভবিষ্যতেও সনাতনী সমপ্রদায়ের পাশে থাকবে বিএনপি।

এরশাদ উল্লাহ এমপি বলেন, বিএনপি কোনো বিভাজনের রাজনীতি করে না। আমরা সকল ধর্মের মানুষের নিরাপত্তা নিশ্চিত করতে কাজ করি। শুধু অনুষ্ঠানকেন্দ্রিক নয়, সনাতনীদের সঙ্গে বিএনপি আত্মার সম্পর্ক গড়তে চায়। কারণ, একসময় স্বৈরাচারী সরকার হিন্দুদের বিএনপির কাছে আসতে দেয়নি। আমরা সমপ্রীতির চট্টগ্রাম গড়তে সবাই ঐক্যবদ্ধভাবে কাজ করব। নাজিমুর রহমান বলেন, যেসব সড়ক দিয়ে রথযাত্রা যাবে, সেসব ওয়ার্ড বিএনপি ও অঙ্গসহযোগী সংগঠনের নেতাকর্মীরা স্বেচ্ছাসেবক টিম গঠন করবে। রথযাত্রা শুরু থেকে শেষ পর্যন্ত সুষ্ঠুভাবে সম্পন্ন করতে বিএনপি কাজ করবে। জন্মাষ্টমী উদযাপন পরিষদ বাংলাদেশ কেন্দ্রীয় কমিটির কার্যকরী সাধারণ সম্পাদক বিপ্লব দে পার্থের সঞ্চালনায় অতিথি ছিলেন ইসকন প্রবর্তক শ্রীকৃষ্ণ মন্দিরের অধ্যক্ষ দারুব্রহ্ম জগন্নাথ দাস ব্রহ্মচারী, নন্দনকানন রাধামাধব মন্দিরের সাধারণ সম্পাদক তারনিত্যানন্দ দাস ব্রহ্মচারী, জন্মাষ্টমী উদযাপন পরিষদ বাংলাদেশ কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক লায়ন আর কে দাশ রুপু, চট্টগ্রাম মহানগর পূজা উদযাপন পরিষদের ভারপ্রাপ্ত সভাপতি অধ্যাপক অর্পণ কান্তি ব্যানার্জি, বাংলাদেশ হিন্দু বৌদ্ধ খ্রীষ্টান কল্যাণ ফ্রন্টের সাংগঠনিক সম্পাদক রাজীব ধর তমাল, কেন্দ্রীয় রথযাত্রা উদযাপন পরিষদ তুলসীধামের সভাপতি হিরনময় ধর এবং গোল পাহাড় মহাশ্মশান পরিচালনা পরিষদের সভাপতি দোদুল কুমার দত্ত। বক্তব্য রাখেন চট্টগ্রাম মহানগর পূজা উদযাপন পরিষদের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক অ্যাডভোকেট নিখিল কুমার নাথ, ইসকন প্রবর্তক শ্রীকৃষ্ণ মন্দিরের সহসভাপতি স্বতন্ত্র গৌরাঙ্গ দাস, নন্দনকানন রাধামাধব মন্দিরের যুগ্ম সাধারণ সম্পাদক মুকুন্দ ভক্তি দাস ব্রহ্মচারী, বেসরকারি কারা পরিদর্শক উজ্জ্বল বরণ বিশ্বাস, কল্যাণ ফ্রন্ট উত্তর জেলার সদস্য সচিব জুয়েল চক্রবর্তী, আনন্দময়ী কালীবাড়ি মন্দিরের সাধারণ সম্পাদক সুজন দাশ, প্রশান্ত কুমার পান্ডে ও বাবলু কুমার নাথ।

পূর্ববর্তী নিবন্ধদুর্যোগে অসহায় মানুষের পাশে থাকাই যুবদলের দায়িত্ব
পরবর্তী নিবন্ধযুগান্তর সমাজ উন্নয়ন সংস্থার বার্ষিক সাধারণ সভা