গাঁজা রাখা ও সেবনের অভিযোগে চুয়েটের ৮ শিক্ষার্থী বহিষ্কার

রাউজান প্রতিনিধি | সোমবার , ১৩ জুলাই, ২০২৬ at ১০:১৭ পূর্বাহ্ণ

চট্টগ্রাম প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের আট শিক্ষার্থীকে হলে গাঁজা ও গাঁজা সেবনের সরঞ্জাম রাখার অপরাধে দুই বছরের জন্য বহিষ্কার করা হয়েছে। একই সাথে তাদের আবাসিক হল থেকে স্থায়ীভাবে বহিষ্কারও করা হয়েছে।

গতকাল ১২ জুলাই শৃঙ্খলা কমিটির ৩০৬তম জরুরি সভায় এই সিদ্ধান্ত নেয়া হয়। কমিটির সদস্য সচিব ও ছাত্রকল্যাণ অধিদপ্তরের পরিচালক অধ্যাপক ড. মো: সাইফুল ইসলাম স্বাক্ষরিত পৃথক বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়েছে। বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, গত ৯ জুলাই বিশ্ববিদ্যালয়ের শহীদ আবু সাঈদ হলের ৫২৯ নং কক্ষে আনুমানিক রাত ১১টা ৫০ মিনিটে হলের সহকারী প্রভোস্টগণ অভিযান পরিচালনা করেন। অভিযানে কক্ষটিতে ৮ শিক্ষার্থীকে মাদক সেবনরত অবস্থায় পাওয়া যায়। এ সময় কক্ষ তল্লাশি করে গাঁজা ও গাঁজা সেবনের বিভিন্ন সরঞ্জাম উদ্ধার করা হয়। এরই পরিপ্রেক্ষিতে বিশ্ববিদ্যালয় প্রশাসন তাদের বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা গ্রহণ করে।

এ বিষয়ে বিশ্ববিদ্যালয়ের ছাত্রকল্যাণ অধিদপ্তর এর পরিচালক অধ্যাপক ড. মো. সাইফুল ইসলাম বলেন, ‘দোষীদেরকে শাস্তি দেয়া হয়েছে। পাশাপাশি তাদেরকে কারণ দর্শানোর নোটিশও দেয়াছে। অভিযুক্ত ৮ শিক্ষার্থী আগামী ২৬ জুলাই বেলা ১১টার মধ্যে ছাত্রকল্যাণ দপ্তরে স্বশরীরে হাজির হয়ে নিজেদের স্বপক্ষে আত্মপক্ষ সমর্থনের সুযোগ পাবে। কোনো শিক্ষার্থী চাইলে ২৭ জুলাই বেলা ১১ টায় স্টুডেন্ট ডিসিপ্লিন কমিটির সভায় উপস্থিত হয়ে স্বপক্ষে ব্যক্তিগত শুনানি প্রদান করতে পারবে। শুনানির পর সেই অনুযায়ী ব্যবস্থা নেয়া হবে।

পূর্ববর্তী নিবন্ধবস্ত্র খাতে নগদ সহায়তা ১.৫ থেকে বেড়ে হলো ৫%
পরবর্তী নিবন্ধহরমুজ প্রণালি ফের বন্ধের ঘোষণা তেহরানের