আনোয়ারা ও বাঁশখালী উপজেলার বন্যা কবলিত এলাকা পরিদর্শন এবং ত্রাণ বিতরণ করেছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক এবং সংসদের বিরোধী দলীয় চিফ হুইপ মো. নাহিদ ইসলাম। আনোয়ারায় তিনি বলেছেন, বেড়িবাঁধের কাজ নিয়ে কোনো দুর্নীতি হতে দেব না।
রায়পুরে পানিবন্দি এলাকা পরিদর্শন : আনোয়ারা প্রতিনিধি জানান, এনসিপির আহ্বায়ক মো. নাহিদ ইসলাম বলেছেন, আনোয়ারা উপকূলীয় এলাকায় বেড়িবাঁধের কারণে জলাবদ্ধতার সৃষ্টি হয়ে উপকূলের কয়েকশ পরিবার বর্তমানে পানিবন্দি আছে। বিগত আওয়ামী লীগ সরকারের আমলে বেড়িবাঁধের কাজে কয়েক লক্ষ কোটি টাকা লুটপাট করা হয়েছে। বর্তমান সরকারও এবারের বাজেটে বেড়িবাঁধের জন্য বরাদ্দ রেখেছে। আমরা আপনাদের কথা দিচ্ছি বেডিবাঁধের কাজ নিয়ে এক টাকাও দুর্নীতি আর লুটপাট হতে দেব না। বেড়িবাঁধের কথা সংসদে তুলব এবং এই টাকা যাতে স্থানীয় সংসদ এবং স্থানীয় প্রশাসন সুষ্ঠুভাবে ব্যয় করে আমরা তাতে ভূমিকা পালন করব। এই দুর্যোগে আমাদের সামর্থ্য অনুযায়ী আপনাদের পাশে দাঁড়িয়েছি। আমাদের নেতাকর্মীদের প্রতিও নির্দেশনা থাকবে আপনাদের পাশে থাকার জন্য। পুরো বাংলাদেশের মানুষ এখন চট্টগ্রামকে নিয়ে চিন্তিত। আমি দল মত নির্বিশেষে চট্টগ্রামবাসীর পাশে দাঁড়ানোর আহ্বান জানাচ্ছি।
গতকাল রোববার দুপুরে আনোয়ারা উপজেলার রায়পুর ইউনিয়নে পানিবন্দি এলাকা পরিদর্শন এবং ত্রাণ বিতরণ শেষে তিনি এসব কথা বলেন। এ সময় এনসিপির মুখ্য সংগঠক (দক্ষিণাঞ্চল) ও সংসদ সদস্য হাসনাত আবদুল্লাহ, জাতীয় যুবশক্তির কেন্দ্রীয় আহ্বায়ক তারিকুল ইসলাম, জাতীয় ছাত্রশক্তির কেন্দ্রীয় সাধারণ সম্পাদক আবু বাকের মজুমদার ও এনসিপির কেন্দ্রীয় নির্বাহী সংসদের যুগ্ম আহ্বায়ক খান তালাত মাহমুদ রাফি উপস্থিত ছিলেন।
বাঁশখালীর দুর্গত এলাকায় নাহিদ : বাঁশখালী প্রতিনিধি জানান, নাহিদ ইসলাম ও হাসনাত আবদুল্লাহ গতকাল সন্ধ্যায় বাঁশখালী উপজেলার বন্যাকবলিত এলাকা পরিদর্শন করেছেন। এ সময় বাঁশখালীর সংসদ সদস্য অধ্যক্ষ মুহাম্মদ জহিরুল ইসলাম, সহকারী কমিশনার (ভূমি) মো. ওমর সানি আকনসহ নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। তারা ছনুয়া কাজী পাড়া এলাকায় ত্রাণ বিতরণ করেন।











