চট্টগ্রাম-কক্সবাজার ট্রেন চলাচল পাঁচ দিন পর শুরু

| সোমবার , ১৩ জুলাই, ২০২৬ at ৫:৫৯ পূর্বাহ্ণ

রেললাইনে পানি কমার পর সংস্কার কাজ শেষে চট্টগ্রামকক্সবাজার পথে ট্রেন চলাচল শুরু হয়েছে পাঁচ দিন পর। রেলওয়ে পূর্বাঞ্চলের বিভাগীয় পরিবহন কর্মকর্তা ফারহান মাহমুদ জানান, ঢাকা থেকে ছেড়ে আসা পর্যটক এক্সপ্রেস রোববার (গতকাল) বেলা ১১টা ৫৪ মিনিটের দিকে চট্টগ্রাম স্টেশনে পৌঁছায়। এরপর বেলা সোয়া ২টার দিকে ট্রেনটি কক্সবাজারের উদ্দেশ্যে ছেড়ে যায়। খবর বিডিনিউজের।

বেলা ২টা ২০ মিনিটের দিকে ট্রেনটি ষোলশহর সুন্নিয়া মাদ্রাসা থেকে শমসের পাড়া অংশ অতিক্রম করে। গত কয়েক দিন ওই এলাকার রেললাইন পানিতে তলিয়ে ছিল। অন্যদিকে কক্সবাজার থেকে ছেড়ে আসা চট্টগ্রামমুখী প্রবাল এক্সপ্রেস জানআলী হাট স্টেশন থেকে চট্টগ্রাম স্টেশনের দিকে রওনা হয় বেলা ১টার দিকে। চট্টগ্রামে গত ৭ জুলাই ৪২ বছরের মধ্যে সর্বোচ্চ বৃষ্টিপাত রেকর্ড করা হয়। প্রবল বর্ষণে তলিয়ে যায় বন্দর নগরীর বিভিন্ন এলাকা। ওই পরিস্থিতির মধ্যে নগরীর ষোলশহর সুন্নিয়া মাদ্রাসা থেকে শমসের পাড়া সংলগ্ন এলাকায় রেললাইনে পানি ওঠায় আটকা পড়ে ঢাকা থেকে চট্টগ্রাম হয়ে কক্সবাজারগামী ‘পর্যটক এক্সপ্রেস’। এছাড়া রেললাইনের ওপর একটি গাছও ভেঙে পড়ে।

পরে মঙ্গলবার বিকেল ৪টার দিকে ট্রেনটিকে ষোলশহর স্টেশনে ফিরিয়ে নেওয়া হয়। রাত ৯টার দিকে ট্রেনটিকে ফিরিয়ে নেওয়া হয় চট্টগ্রাম স্টেশনে। দিনভর যাত্রীদের চরম ভোগান্তির পর রাত ১১টার দিকে পর্যটক এক্সপ্রেস ট্রেনের যাত্রা বাতিল করা হয়।

পূর্ববর্তী নিবন্ধকৌতুক কণিকা
পরবর্তী নিবন্ধঅর্থ পাচার ও আত্মসাতের অভিযোগে কাস্টমসের ১১ কর্মকর্তা কারাগারে