নগরীর সদরঘাটের মোগলটুলী বাজার এলাকায় ১১ মাসের ঘর ভাড়া পরিশোধ না করে নানা তালবাহানাসহ ভয়ভীতি প্রদর্শনের অভিযোগ উঠেছে এক ব্যক্তির বিরুদ্ধে। তার নাম মো. সাইফুল ইসলাম। এ ঘটনায় বাড়িওয়ালা মো. শওকতুল ইসলাম চৌধুরী সদরঘাট থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করেছেন। এতে সাইফুল ইসলাম, তার মা শিউলী বেগম ও তার স্ত্রী তানজু বেগমকে বিবাদী করা হয়েছে। ৪ জুলাই করা জিডিতে বলা হয়, বিবাদীরা বাদীর বাড়িতে ভাড়াটিয়া হিসেবে ২ বছর ধরে বসবাস করে আসছে। বর্তমান জুলাই মাসসহ বিগত ১১ মাসের বাসা ভাড়া বকেয়া রয়েছে। তাছাড়া বিবাদীরা বিভিন্ন অপকর্মের সাথে লিপ্ত রয়েছে। যার ফলে বাদীর বাসার অন্য সদস্যরা বিরক্ত বোধ করছে। বাদী বিবাদীদেরকে বাসা ছেড়ে দেওয়ার জন্য তাগাদা দিলেও তারা বাসা ছাড়ছে না। গত ১ জুলাই বিবাদীদের কাছে বাসা ভাড়া চাইতে গেলে ভাড়া না দিয়ে ভয়ভীতি ও হুমকি প্রদর্শন করা হয় বলে জিডিতে উল্লেখ করেন মো. শওকতুল। সদরঘাট থানার উপ–পরিদর্শক (এসআই) ও জিডি তদন্তকারী কর্মকর্তা আসাদুজ্জামান আজাদীকে বলেন, ঘটনাস্থল পরিদর্শন করা হয়েছে। সাইফুল ইসলাম, তার মা ও স্ত্রীর সাথে কথা হয়েছে। তদন্ত শেষে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।










