শিক্ষার্থীদের লেখাপড়া নির্বিঘ্ন রাখা, বন্যার্তদের পাশে দাঁড়ানো আমাদের মানবিক দায়িত্ব

আইআইইউসি’র অনলাইন সভায় উপাচার্য

| শনিবার , ১১ জুলাই, ২০২৬ at ১১:০২ পূর্বাহ্ণ

আন্তর্জাতিক ইসলামী বিশ্ববিদ্যালয় চট্টগ্রাম (আইআইইউসি)’র উপাচার্য প্রফেসর ড. মোহাম্মদ আলী আজাদী বলেছেন, শিক্ষার্থীদের লেখাপড়া নির্বিঘ্ন রাখা বন্যার্তদের পাশে দাঁড়ানো আমাদের মানবিক দায়িত্ব। তাই সবাইকে যার যার অবস্থান থেকে দায়িত্ব পালন করে যেতে হবে।

গতকাল শুক্রবার আইআইইউসি আয়োজিত অনলাইন সভায় সাম্প্রতিক ভারি বর্ষণ ও বন্যার কারণে উদ্ভূত পরিস্থিতিতে শিক্ষার্থীদের শিক্ষা কার্যক্রম ও পরীক্ষা নির্বিঘ্ন রাখতে শিক্ষকদের সবার সম্পর্কে দিকনির্দেশনামূলক বক্তব্যে তিনি এসব কথা বলেন। আইআইইউসি’র উপউপাচার্য প্রফেসর ড. মোহাম্মদ হাসমত আলীর সভাপতিত্বে এবং সঞ্চালনায় এ আয়োজনে আইআইইউসি’র রেজিস্ট্রার, বিভিন্ন অনুষদের ডিন, বিভাগীয় চেয়ারম্যান, সেন্টার পরিচালক, ডিভিশনের প্রধান, প্রক্টর, প্রোগ্রাম সমন্বয়ক, শিক্ষক, কর্মকর্তাসহ অনেকেই অংশগ্রহণ করেন।

প্রধান অতিথির বক্তব্যে উপাচার্য বলেন, শিক্ষা কার্যক্রমের ধারাবাহিকতা অব্যাহত ও সচল রাখার জন্য আমাদের সবার প্রাণন্তকর চেষ্টা রয়েছে। পাশাপাশি সম্প্রতি চট্টগ্রামে বন্যাআক্রান্তদের কথা বিবেচনায় এনে সবাইকে মানবতার কল্যাণের কথা ভাবতে হবে।

সভাপতির বক্তব্যে আইআইইউসি’র উপউপাচার্য বলেন, জাতীয় জীবনে এমন কঠিন পরীক্ষা বারবার এসেছে। মহান আল্লাহও আমাদেরকে বারবার উত্তীর্ণ করেছেন। কিন্তু পরিস্থিতি মোকাবেলায় ধৈর্য, প্রজ্ঞা এবং সমন্বিত প্রচেষ্টা প্রয়োজন। তাই সমন্বিত পরামর্শ ও সিদ্ধান্ত গ্রহণের লক্ষ্যে এই অনলাইন সভার আয়োজন করা হয়েছে। তিনি সশ্লিষ্ট সবার মতামত গ্রহণপূর্বক উপাচার্য প্রফেসর ড. মোহাম্মদ আলী আজাদীর অনুমোদনক্রমে সিদ্ধান্তসমূহ সভায় অবহিত করেন। তিনি সিদ্ধান্ত বাস্তবায়নে সুনির্দিষ্ট দায়িত্বপ্রাপ্তসহ সবাইকে বিশ্ববিদ্যালয়ের কাজের সমন্বয়ের স্বার্থে সক্রিয় সহযোগিতার আহ্বান জানান। উল্লেখ্য, সভার সিদ্ধান্ত অনুসারে আজ শনিবার ও আগামীকাল রবিবার অনুষ্ঠেয় পরীক্ষা স্থগিত ঘোষণা করা হয়েছে। ১৩ জুলাই থেকে পূর্বঘোষিত রুটিন অনুযায়ী পরীক্ষাসমূহ অনুষ্ঠিত হবে। স্থগিত পরীক্ষাসমূহের নতুন তারিখ ও সময় যথাসময়ে সংশ্লিষ্ট সকলকে জানানো হবে। আজ দাপ্তরিক কার্যক্রম বন্ধ থাকবে এবং আগামীকাল বিশ্ববিদ্যালয়ের অফিসসমূহ যথারীতি খোলা থাকবে। প্রেস বিজ্ঞপ্তি।

পূর্ববর্তী নিবন্ধখাগড়াছড়ির পাহাড়ে নারীর অর্ধগলিত লাশ
পরবর্তী নিবন্ধফটিকছড়িতে বন্যার্তদের মাঝে রেড ক্রিসেন্ট সোসাইটির ত্রাণ বিতরণ