নিশীথ বর্ষার কাব্য

আসাদুজ্জামান খান মুকুল | শুক্রবার , ১০ জুলাই, ২০২৬ at ৫:৫০ পূর্বাহ্ণ

শ্রাবণ মেঘের প্রবল বেগের

বাদল হাওয়া মেশা,

অম্বর তলে বিজলির ছলে

জাগায় লেখার নেশা।

ঘুচায় ভয়ের সর্বজয়ের

উদ্দীপনায় খেলে,

সবুজ পাতায় স্নিগ্ধ ছায়ায়

মায়ার জালটি মেলে।

হৃদয় গহিন বলছে কঠিন

অব্যক্ত সব কথা,

ঘোর ভাবনার সংগীতে যার

মুছায় মনের ব্যথা।

নিঝুম রাত্রি ওই ধরিত্রী

জলদ অঝোর ঝরে,

মুগ্ধ নয়ন দেখেই সে ক্ষণ

আশার তারায় নড়ে।

সকল সুপ্ত স্বপন গুপ্ত

তন্দ্রা হারায় চোখে,

কলম সচল দীপের অনল

নতুন কাব্যলোকে।

পূর্ববর্তী নিবন্ধশহুরে বৃষ্টি
পরবর্তী নিবন্ধআষাঢ়ে ধান রোপণের আচার