সীতাকুণ্ডের বারাকা ও সাগরিকা শিপ ব্রেকিং ইয়ার্ডের রাস্তার উপর টিনের বেড়া দিয়ে গাড়ি চলাচল বন্ধ করে দিয়ে চাঁদা দাবির অভিযোগে রমজান আলী (৩৩) নামের একজন সন্ত্রাসীকে গ্রেপ্তার করেছে পুলিশ। জেলা গোয়েন্দা পুলিশের একটি দল গতকাল নগরীর আন্দরকিল্লা এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়। সে স্থানীয় মৃত ফজলের রহমানের পুত্র বলে পুলিশ জানিয়েছে। পুলিশ জানিয়েছে, রমজান সীতাকুণ্ড মডেল থানাধীন শীতলপুর চৌধুরী ঘাটা মাদ্রাসা রোড এলাকার সাগরিকা ও বারাকা শীপ ব্রেকিং ইয়ার্ড এর মেইন গেইট সংলগ্ন সামনের চলাচলের রাস্তার উপর টিনের বেড়া দিয়ে গাড়ি চলাচল বন্ধ করে চাঁদা দাবি করে আসছিল বলে থানায় এজাহার দায়ের করা হয়। বিষয়টি দৈনিক আজাদীসহ বিভিন্ন পত্র–পত্রিকায় খবর প্রকাশি হলে সামাজিক যোগাযোগ মাধ্যমে ব্যাপক আলোচনার জন্ম দেয়। শিপ ব্রেকিং ব্যবসায়ীরা চট্টগ্রামের ডিআইজি এবং এসপিসহ সংশ্লিষ্ট বিভিন্ন দফতরে অভিযোগ দেন। সম্প্রতি শিপ ব্রেকিং ইয়ার্ড পরিদর্শনে যাওয়া শিল্প ও বাণিজ্যমন্ত্রী খন্দকার আবদুল মোক্তাদিরকেও বিষয়টি জানান শিপ ব্রেকিং ব্যবসায়ীরা।
চট্টগ্রাম জেলা পুলিশ সুপার মোহাম্মদ মাসুদ আলম জেলা গোয়েন্দা পুলিশের একটি টিম সন্ত্রাসী রমজানকে গ্রেপ্তারের জন্য মোতায়ন করেন। গতকাল বিকেলে গোয়েন্দা পুলিশের দলটি নগরীর আন্দরকিল্লা এলাকায় অভিযান চালিয়ে রমজানকে গ্রেপ্তার করে। সন্ত্রাসী রমজানকে গ্রেপ্তারের জন্য বিশেষ টিম গঠনসহ উদ্যোগ নেয়ায় শিপ ব্রেকিং ব্যবসায়ীদের পক্ষ থেকে চট্টগ্রামের জেলা পুলিশ সুপারকে ধন্যবাদ জানানো হয়েছে।
বারাকা শিপ ব্রেকিং ইয়ার্ডের মালিক শামসুল আলম দৈনিক আজাদীকে জানান, রমজানের অত্যাচারে আমরা শিপ ব্রেকিং ব্যবসায়ীরা অতিষ্ঠ হয়ে গেছি। চলাচলের রাস্তায় টিনের বেড়া দিয়ে সে চাঁদা দাবি করে আসছিল। থানায় মামলা করেও তাকে দমানো যায়নি। অবশেষে জেলা গোয়েন্দা পুলিশ তাকে গ্রেপ্তার করায় আমরা স্বস্তি বোধ করছি।












