টানা ভারী বর্ষণ ও পাহাড়ি ঢলের কারণে মীরসরাই ও সীতাকুণ্ড উপজেলার বন বিভাগের আওতাধীন সব ঝর্ণায় আগামী ১০ জুলাই পর্যন্ত দর্শনার্থীদের প্রবেশ নিষিদ্ধ করা হয়েছে। গতকাল মঙ্গলবার থেকে এ নিষেধাজ্ঞা কার্যকর হয়েছে বলে জানিয়েছে বন বিভাগ।
বন বিভাগ জানিয়েছে, টানা বৃষ্টিতে ঝর্ণাগুলোতে পানির প্রবাহ অস্বাভাবিকভাবে বেড়েছে। ঝর্ণা–সংলগ্ন ছড়াগুলো বিপদসীমার ওপর দিয়ে প্রবাহিত হচ্ছে। এ অবস্থায় ঝর্ণার কূপে তলিয়ে যাওয়া, পা পিছলে নিচে পড়ে যাওয়া কিংবা যাতায়াতের পথে প্রবল স্রোতে ভেসে যাওয়ার আশঙ্কা রয়েছে। পাশাপাশি পাহাড়ধসের ঝুঁকিও বেড়েছে।
বন বিভাগ সূত্রে জানা যায়, মীরসরাই উপজেলার বোয়ালিয়া, খৈয়াছড়া, রূপসী ও নাপিত্তাছড়া এবং সীতাকুণ্ড উপজেলার সহস্রধারা, সুপ্তধারা ও ছোট দারোগারহাটসহ বন বিভাগের ইজারাভুক্ত সব ঝর্ণায় আপাতত দর্শনার্থীদের প্রবেশ বন্ধ রাখা হয়েছে।
বারৈয়াঢালা রেঞ্জের বন কর্মকর্তা আশরাফ উদ্দিন বলেন, আবহাওয়া পরিস্থিতি বিবেচনায় এ অঞ্চলে ভারী বর্ষণের কারণে পাহাড়ধস, আকস্মিক পাহাড়ি ঢল ও জলাবদ্ধতার ঝুঁকি রয়েছে। এ সময়ে ঝর্ণাগুলোতে ভ্রমণ করলে দুর্ঘটনা ও প্রাণহানির আশঙ্কা অনেক বেশি। তাই দর্শনার্থীদের নিরাপত্তার স্বার্থে মঙ্গলবার থেকে আগামী ১০ জুলাই পর্যন্ত প্রবেশে নিষেধাজ্ঞা জারি করা হয়েছে।
তিনি বলেন, নিষেধাজ্ঞা বাস্তবায়নে বনকর্মী ও ইজারাদারদের প্রয়োজনীয় নির্দেশনা দেওয়া হয়েছে। একই সঙ্গে দর্শনার্থীদের এ সিদ্ধান্ত মেনে চলার আহ্বান জানান তিনি।
উল্লেখ্য, গত কয়েক বছরে বর্ষা মৌসুমে মীরসরাই–সীতাকুণ্ডের বিভিন্ন ঝর্ণায় ভ্রমণ করতে গিয়ে একাধিক দর্শনার্থীর মৃত্যু হয়েছে। তাই বর্ষাকালে ঝর্ণাগুলোতে প্রবল স্রোত ও পাহাড়ি ঢলের সময় ভ্রমণ থেকে বিরত থাকার পরামর্শ দিয়ে আসছে বন বিভাগ।












