লোহাগাড়ায় বাইক থেকে ছিটকে পড়ে আবু হেনা রুবেল (৩৫) নামে এক যুবকের মৃত্যু হয়েছে। গত শুক্রবার রাত ৮টার দিকে চট্টগ্রাম–কক্সবাজার মহাসড়কে উপজেলার আমিরাবাদ ইউনিয়নের পুরাতন বিওসি এলাকায় এ ঘটনা ঘটে। নিহত রুবেল একই উপজেলার কলাউজান ইউনিয়নের ১ নম্বর ওয়ার্ডের হিন্দুরহাট এলাকার সাম–মহাজন বাড়ির মৃত আজিজুল হকের পুত্র।
স্থানীয় ইউপি সদস্য মো. বাবুল ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, রাতে পদুয়া স্টেশনস্থ একটি কমিউনিটি সেন্টারে নিকটাত্মীয়ের বিয়ের অনুষ্ঠানে যান রুবেলসহ ৩ ভাই। খাওয়া–দাওয়া শেষে তারা তিন ভাই এক বাইকে করে বাড়ি ফিরছিলেন। রুবেল বাইকের পেছনে বসেছিলেন। ঘটনাস্থলে নিয়ন্ত্রণ হারিয়ে বাইক থেকে তিনি ছিটকে পড়ে গুরতর আহত হন। স্থানীয়রা তাকে উদ্ধার করে উপজেলা সদরের এক বেসরকারি হাসপাতালে নিয়ে যান। প্রাথমিক চিকিৎসা শেষে তাকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়েছে।
দোহাজারী হাইওয়ে থানার ওসি সালাহ উদ্দিন চৌধুরী জানান, দুর্ঘটনার ব্যাপারে তাকে কেউ অবগত করেনি। এ ব্যাপারে খোঁজখবর নেয়া হচ্ছে বলে জানান ওসি।












