চট্টগ্রাম নগরীর বাকলিয়া থানা পুলিশের অভিযানে চট্টগ্রাম সিটি করপোরেশনের (চসিক) সড়কের নালার একটি চুরি হওয়া স্ল্যাব উদ্ধার করা হয়েছে। এ ঘটনায় এক যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ।
পুলিশ জানায়, গত ১৯ জুন সকালে বাকলিয়া থানার চাকতাই এলাকা থেকে চসিকের নালার স্ল্যাব চুরির অভিযোগ ওঠে। পরে গোপন সংবাদের ভিত্তিতে বাকলিয়া থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. জাহিদুল কবিরের সার্বিক তত্ত্বাবধানে ২৫ জুন বিকেল ৩টায় একটি অভিযান পরিচালনা করা হয়।
অভিযানে এসআই বেলায়েত হোসেন, এএসআই জহিরুল ইসলাম ও এএসআই মোশারফ হোসেনসহ পুলিশের একটি দল শুক্রবার (২৬ জুন) বিকেলে জামাই বাজারের নুর হোসেন চেয়ারম্যান ঘাট এলাকায় অভিযান চালিয়ে মো. সাবের হোসেন ওরফে শ্রাবণ (১৯) নামে এক যুবককে গ্রেপ্তার করে।
পরে তার দেওয়া তথ্যের ভিত্তিতে তুলাতলী জামাই বাজার ব্রিজের উত্তর পাশে সৈয়দ হোসেন রোডের একটি পরিত্যক্ত খালি জায়গা থেকে চুরি যাওয়া নালার স্ল্যাবটি উদ্ধার করা হয়।
গ্রেপ্তারকৃত সাবের হোসেন কুমিল্লার মুরাদনগর উপজেলার বাসিন্দা। বর্তমানে তিনি বাকলিয়া থানার মিয়াখান নগর এলাকার একটি ভাড়া বাসায় বসবাস করছিলেন।
এ ঘটনায় প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে বলে জানিয়েছে বাকলিয়া থানার ওসি মো. জাহেদুল কবির।










