বাঁশখালীতে অস্ত্রসহ আন্তঃজেলা ডাকাত দলের ৩ সদস্য গ্রেপ্তার

বাঁশখালী প্রতিনিধি | বৃহস্পতিবার , ২৫ জুন, ২০২৬ at ১০:২০ পূর্বাহ্ণ

বাঁশখালী থানা পুলিশের অভিযানে দেশীয় অস্ত্র ও পিকআপ গাড়িসহ আন্তঃজেলা ডাকাত দলের তিন সদস্যকে গ্রেপ্তার করা হয়েছে। গতকাল বুধবার সকালে উপজেলার বৈলছড়ি ইউনিয়নের চেচুরিয়া এলাকায় মন্টু তালুকদারের চায়ের দোকানের সামনে পাকা সড়ক থেকে তাদের গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তারকৃতরা হলেন আনোয়ারার বিলপুর এলাকার নুর মোহাম্মদ (৩৭), সৈয়দ কুচাইয়া এলাকার শাহাদাত হোসেন (৩৫) এবং বাগেরহাটের ফকিরহাট উপজেলার কামরুল ইসলাম শেখ (৪৯)। থানা পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে জানা যায়, কয়েকজন ডাকাত দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে একটি পিকআপে করে পেকুয়া থেকে বাঁশখালীর দিকে আসছে। এ তথ্যের ভিত্তিতে বৈলছড়ি বাজার এলাকায় চেকপোস্ট বসায় পুলিশ।

পুলিশের উপস্থিতি টের পেয়ে সন্দেহভাজন পিকআপটি থামার সংকেত অমান্য করে পালানোর চেষ্টা করলে ধাওয়া দিয়ে চেচুরিয়া এলাকায় গাড়িটি আটক করা হয়। এ সময় পিকআপে থাকা তিনজনকে গ্রেপ্তার করা হলেও আরও ৭৮ জন পালিয়ে যায়। পরে তল্লাশি চালিয়ে তিনটি রামদা, একটি চাইনিজ কুড়াল, একটি লোহার কাটার এবং ডাকাতির কাজে ব্যবহৃত পিকআপটি জব্দ করা হয়।

বাঁশখালী থানার এসআই মো. আরিফ হোসেন জানান, গ্রেপ্তার ব্যক্তিরা আন্তঃজেলা ডাকাত দলের সক্রিয় সদস্য। তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হয়েছে।

পূর্ববর্তী নিবন্ধদীঘিনালায় আওয়ামী লীগ ও যুবলীগের ৩ নেতা গ্রেপ্তার
পরবর্তী নিবন্ধপরিছন্ন ও নিরাপদ নগরী গড়তে তরুণ প্রজন্মই আমাদের শক্তি