হাটহাজারীতে যুবলীগ সভাপতি ফরিদ গ্রেফতার, ককটেল উদ্ধার

হাটহাজারী প্রতিনিধি | শনিবার , ২০ জুন, ২০২৬ at ৯:০০ অপরাহ্ণ

হাটহাজারীতে পুলিশের বিশেষ অভিযানে ফরহাদাবাদ ইউনিয়ন যুবলীগের সভাপতি নাজিম উদ্দীন ফরিদ (৪৯) কে গ্রেফতার করেছে মডেল থানা পুলিশ।

শুক্রবার (১৯ জুন) দিবাগত রাতে ফরহাদাবাদ ইউনিয়নের উদালিয়া গ্রামের দিদার মার্কেটের সামনে থেকে তাকে গ্রেফতার করা হয়।

গ্রেফতারকৃত নাজিম উদ্দীন ফরিদ উপজেলার ফরহাদাবাদ ইউনিয়নস্থ উদালিয়া গ্রামের মোহসেনা পাড়ার মৃত মৌলানা বাদশা আলমের পুত্র।

সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিক্তিতে মডেল থানার উপ-পরিদর্শক রুপণ নাথ ও রায়হানের নেতৃত্বে পুলিশের বিশেষ অভিযানে সন্ত্রাসবিরোধী আইনে রুজু হওয়া মামলার এজহার নামীয় পলাতক আসামি ফরিদকে গ্রেফতার করার পর তার সহযোগিরা তাকে ছিনিয়ে নিতে পুলিশের উপর অতর্কিত হামলা চালায়। এসময় নিজেদের আত্মরক্ষার্থে পুলিশ ৫ রাউন্ড ফাঁকা গুলিবর্ষণ করলে তারা পালিয়ে যায়। হামলায় অভিযানে অংশ নেওয়া ৩ পুলিশ সদস্য আহত হয়।

পরে অতিরিক্ত পুলিশ ঘটনাস্থলে গিয়ে আহত পুলিশ সদস্যদের উদ্ধারসহ গ্রেফতারকৃতকে থানা হেফাজতে নিয়ে আসে। অভিযানে ১০টি ককটেল ও ৬টি আতশবাজিও উদ্ধার করা হয়।

পুলিশের উপর হামলা করে আসামি ছিনিয়ে নেয়ার চেষ্টা ঘটনায় ও বিস্ফোরক আইনে পুলিশ বাদী হয়ে ১৬ জনের নাম উল্লেখ ও ২০ জনকে অজ্ঞাত আসামি করে মডেল থানায় একটি মামলা দায়ের করে।

হাটহাজারী মডেল থানার ওসি জাহিদুর রহমান ঘটনার সত্যতা স্বীকার করে শনিবার সন্ধ্যার দিকে জানান, গ্রেফতারকৃত আসামিকে শনিবার দুপুরে আদালতে প্রেরণ করা হয়েছে এবং অন্যান্য আসামিদেরও ধরতে পুলিশি অভিযান অব্যাহত আছে।

প্রসঙ্গত, চলতি বছরের গত (২০ ফেব্রুয়ারি) শুক্রবার নাশকতা মামলার এজাহারভুক্ত এক পলাতক আসামি নাজিম উদ্দিন ফরিদকে র‍্যাপিড অ্যাকশন ব্যাটালিয়নের (র‍্যাব-৭) সদস্যরা গ্রেফতার করেছিলো। গত কিছুদিন পূর্বে সে কারগার থেকে জামিনে বের হয়ে আসে।

পূর্ববর্তী নিবন্ধফটিকছড়িতে বীর মুক্তিযোদ্ধা জহিরুল আনোয়ারের ঝুলন্ত লাশ উদ্ধার
পরবর্তী নিবন্ধখাগড়াছড়িতে নারিকেল গাছ ভেঙে পড়ে নারীর মৃত্যু