টেন্ডার সেপ্টেম্বরে, চার মাসের মধ্যে ঠিকাদার নিয়োগ

ওয়াসার উত্তর কাট্টলী স্যানিটেশন প্রকল্প অর্থায়নে ফ্রেঞ্চ ডেভেলপমেন্ট এজেন্সি, উন্নত স্যানিটেশন সেবা পাবে তিন লাখ মানুষ

শুকলাল দাশ | বুধবার , ১০ জুন, ২০২৬ at ১০:৩৬ পূর্বাহ্ণ

চট্টগ্রাম ওয়াসার উত্তর কাট্টলী স্যানিটেশন প্রকল্পের মাঠ পর্যায়ের কাজ শুরু হয়েছে। ফ্রান্সভিত্তিক উন্নয়ন সহযোগী সংস্থা ফ্রেঞ্চ ডেভেলপমেন্ট এজেন্সির (এএফডি) অর্থায়নে ওয়াসার গুরুত্বপূর্ণ এ প্রকল্পটি বাস্তবায়িত হচ্ছে।

সংশ্লিষ্টরা বলছেন, উত্তর কাট্টলী (ক্যাচমেন্ট) স্যানিটেশন প্রকল্পে কাট্টলী এলাকার তিন লাখ মানুষ উন্নত স্যানিটেশন সেবার আওতায় আসবে। ফ্রান্সের সেফাজ ও স্যুরেকা এবং বাংলাদেশের ডেভকনসাল্টস লিমিটেড, ইনস্টিটিউট অব ওয়াটার মডেলিং ও ভিশনারি কনসোর্টিয়াম লিমিটেড যৌথ পরামর্শক প্রতিষ্ঠানের সাথে গত ২৪ মে চুক্তি হওয়ার পর তারা মাঠ পর্যায়ে কাজ শুরু করেছে। আগামী সেপ্টেম্বরে প্রকল্পের টেন্ডার আহ্বান এবং চার মাসের মধ্যে ঠিকাদার নিয়োগ দেওয়া হবে বলে জানিয়েছেন প্রকল্প পরিচালক। উত্তর কাট্টলী স্যানিটেশন প্রকল্পটি ২০২৫ সালের ২ ফেব্রুয়ারি একনেকে অনুমোদন পায়।

স্যুয়ারেজ প্রকল্পের পরিচালক ও চট্টগ্রাম ওয়াসার তত্ত্বাবধায়ক প্রকৌশলী মো. আরিফুল ইসলাম আজাদীকে বলেন, উত্তর কাট্টলী ক্যাচমেন্ট৫ স্যানিটেশন প্রকল্পের পরামর্শক প্রতিষ্ঠান কাজ শুরু করেছে। গত ২৪ মে পরামর্শক নিয়োগ দেওয়া হয়েছে। তাদেরকে চার মাস সময় দেওয়া হয়েছে। সেপ্টেম্বরে টেন্ডার আহ্বান করা হবে। চার মাসের মধ্যে ঠিকাদার নিয়োগ দেওয়া হবে।

এ প্রকল্পের ২ হাজার ৭৯৭ কোটি টাকার মধ্যে ফ্রেঞ্চ ডেভেলপমেন্ট এজেন্সি (এএফডি) ১ হাজার ৮৭২ কোটি টাকা ঋণ সহায়তা দেবে। বাকি অর্থের মধ্যে বাংলাদেশ সরকারের অনুদান ৩৬২ কোটি টাকা, সরকারি ঋণ ৫৪৩ কোটি টাকা এবং ওয়াসার নিজস্ব তহবিল থেকে দেওয়া হচ্ছে ২০ কোটি টাকা। অর্থায়নের ব্যাপারে ২০২৩ সালের ২২ জুন এএফডির সাথে ঋণচুক্তি হয়েছে।

চট্টগ্রাম ওয়াসার সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, এ প্রকল্পের প্রধান কার্যক্রমগুলো হলো ৫০ হাজার ঘনমিটার (দিনে) ক্ষমতাসম্পন্ন পয়ঃশোধনাগার ১টি, পয়ঃপাইপলাইন ৯৮ কিলোমিটার, গৃহ সংযোগ ৮১০০টি, অনসাইট স্যানিটেশন এবং ফিক্যাল স্ল্যাজ ম্যানেজমেন্ট কার্যক্রম মহানগরীর উত্তর কাট্টলী ক্যাচমেন্টের বিভিন্ন বস্তি এলাকায় স্বাস্থ্যসম্মত ল্যাট্রিন, কমিউন্যাল সেপটিক ট্যাংক, পাবলিক টয়লেট ও ডিইডব্লিওএটিএস নির্মাণ। প্রকল্প পরিচালকের দপ্তর থেকে জানা গেছে, পরামর্শক প্রতিষ্ঠানের প্রধান কাজের মধ্যে রয়েছে পয়ঃনিষ্কাশন নেটওয়ার্ক এবং অনসাইট স্যানিটেশন ব্যবস্থার নকশা প্রণয়ন, দরপত্র দলিল প্রস্তুত, ঠিকাদার নিয়োগে চট্টগ্রাম ওয়াসাকে সহায়তা, নির্মাণকাজ তদারকি, পরিবেশ ও সামাজিক প্রভাব মূল্যায়ন এবং চট্টগ্রাম ওয়াসার সক্ষমতা বৃদ্ধির লক্ষ্যে প্রয়োজনীয় প্রশিক্ষণ প্রদান।

উত্তর কাট্টলী ক্যাচমেন্ট৫ স্যানিটেশন প্রকল্পের মাধ্যমে উত্তর কাট্টলী এলাকা থেকে গৃহস্থালির পয়ঃবর্জ্য সংগ্রহ ও পরিশোধন করা এবং পানির উৎসের দূষণ, বৃষ্টির পানির সাথে পয়ঃবর্জ্যের মিশ্রণজনিত দূষণ এবং গ্রিন হাউস গ্যাস নির্গমনের ঝুঁকি থেকে পরিবেশকে রক্ষা করার মাধ্যমে মহানগরীর জনগণের জীবনযাত্রার মান, পরিবেশ এবং জনস্বাস্থ্য উন্নয়নে অবদান রাখবে।

প্রকল্পে সূত্রে জানা গেছে, ২০২৫ সালের জানুয়ারি থেকে ডিসেম্বর ২০২৯ পর্যন্ত ৫ বছর এই প্রকল্প বাস্তবায়নের মেয়াদকাল নির্ধারণ করা হয়েছে।

পূর্ববর্তী নিবন্ধ৮ লাখ ৩৯ হাজার কোটি টাকার ছায়া বাজেট দিল জামায়াত
পরবর্তী নিবন্ধখাগড়াছড়ির চিরহরিৎ বনে দুর্লভ কালো বাজ