অপহরণের দুই ঘণ্টার মধ্যে মো. মনিরুল হক নামে এক কাতার প্রবাসী প্রকৌশলীকে উদ্ধার করেছে র্যাব। বন্দর থানার রেলওয়ে একাডেমি ডেবার পাড় জঙ্গল থেকে তাকে উদ্ধার করা হয়। এ সময় অপহরণের ঘটনায় জড়িত ৪ জনকে আটক করা হয়। ধৃতরা হলেন মো. রোহান (২০), মো. সায়েম (২৩), মো. সাদ্দাম হোসেন (২৮) ও মো. জিয়াউর রহমান।
জানা গেছে, গতকাল সকাল ১১টার দিকে চান্দগাঁওয়ের মধ্যম মোহরা এলাকার বাসা থেকে বের হয়ে নিখোঁজ হন মো. মনিরুল হক। অনেক খোঁজাখোঁজি করে না পেয়ে তার পরিবার থানায় একটি সাধারণ ডায়েরি করে এবং ভিকটিমকে উদ্ধারের জন্য র্যাব বরাবর একটি আবেদন করেন।
র্যাব জানায়, মনিরুলের পরিবারের কাছে মোবাইল ফোনে একটি অজ্ঞাতনামা নম্বর থেকে কল করে জানায়–মনিরুল হক তাদের হেফাজতে আছে এবং তাকে সুস্থ অবস্থায় ফেরত পেতে হলে ৩ লাখ টাকা দিতে হবে। পরে সেই কলের সূত্র ধরে র্যাব বন্দর থানাধীন রেলওয়ে একাডেমি ডেবার পাড় জঙ্গল থেকে তাকে উদ্ধার এবং জড়িতদের গ্রেপ্তার করে।










