ট্রেনের ধাক্কায় দুমড়ে মুচড়ে গেল বালুবোঝাই ট্রাক

মীরসরাইয়ে দুর্ঘটনা, আধা কিমি টেনে নিল ট্রাকটিকে

মীরসরাই প্রতিনিধি | সোমবার , ৮ জুন, ২০২৬ at ৫:৫৪ পূর্বাহ্ণ

চট্টগ্রামসিলেট রেলপথে বালুভর্তি একটি মিনি ট্রাককে ধাক্কা দিয়ে প্রায় আধা কিলোমিটার দূর পর্যন্ত টেনে নিয়ে গেছে সিলেটগামী আন্তঃনগর ট্রেন পাহাড়িকা এক্সপ্রেস। গতকাল সকালে মীরসরাই উপজেলার জোরারগঞ্জ ইউনিয়নের সোনাপাহাড় এলাকায় মামা ফকিরের আস্তানা সংলগ্ন রেললাইনে এ দুর্ঘটনা ঘটে। এতে ট্রাকটি দুমড়েমুচড়ে গেলেও অল্পের জন্য প্রাণে বেঁচে যান চালক ও হেলপার। দুর্ঘটনার পর উভয় লাইনে ট্রেন চলাচল বন্ধ হয়ে যায়। দুই ঘণ্টা পর ঢাকাচট্টগ্রামসিলেট রুট সচল হয়। রেলওয়ে সূত্রে জানা গেছে, গতকাল রোববার সকাল সাড়ে ৭টায় সিলেটগামী আন্তঃনগর পাহাড়িকা চট্টগ্রাম থেকে ছেড়ে ৮টার দিকে মীরসরাই এলাকা অতিক্রম করছিল। সোনাপাহাড় এলাকার মামা ফকির আস্তানা সংলগ্ন স্থানে রেলক্রসিং পার হওয়ার সময় বালুবোঝাই একটি ট্রাক রেললাইনে আটকে পড়ে। তখন ট্রাকের চালক ও হেলপার লাফিয়ে নেমে যান। এ সময় ধাক্কা খেয়ে ট্রাকটি ট্রেনের সাথে আটকে যায় এবং ট্রাকটিকে প্রায় আধা কিলোমিটার পর্যন্ত টেনে নিয়ে যায়। এতে ট্রাকটির সামনের অংশ সম্পূর্ণ বিধ্বস্ত হয়।

স্থানীয় বাসিন্দা রাকিবুল ইসলাম জানান, হঠাৎ বিকট শব্দে পুরো এলাকা কেঁপে ওঠে। ট্রেনের ভেতরেও আতঙ্ক ছড়িয়ে পড়ে।

রেলওয়ের নিকটবর্তী চিনকি আস্তানা স্টেশন মাস্টার সিরাজুল ইসলাম বলেন, উক্ত দুর্ঘটনায় ট্রেন ও যাত্রীদের কারো কোনো প্রকার ক্ষয়ক্ষতি হয়নি। দুর্ঘটনা কবলিত বালুর ট্রাকটি সরানোর ব্যবস্থা করে ৯টা ৫০ মিনিটে রেললাইন পুনরায় সচল করা হয়েছে। বর্তমানে ঢাকাচট্টগ্রামসিলেট রেলরুট চালু আছে। তিনি জানান, দুর্ঘটনার জন্য সকাল ৭টা ৫০ মিনিট থেকে ৯টা ৫০ মিনিট পর্যন্ত ২ ঘণ্টা রেলরুট বন্ধ ছিল। এতে সামান্য সিডিউল বিপর্যয় হলেও বড় ধরনের ক্ষতি হয়নি।

জোরারগঞ্জ থানার অফিসার ইনচার্জ ওসি আব্দুল হালিম বলেন, ঘটনার খবর শুনেই জিআরপি পুলিশ ঘটনাস্থলে পৌঁছার আগেই আমাদের পুলিশ টিম ঘটনাস্থলে পৌঁছে দায়িত্ব পালন করে।

পূর্ববর্তী নিবন্ধসর্বোচ্চ ভোট পেয়ে বিসিবি পরিচালক ও বিনা প্রতিদ্বন্দ্বিতায় সভাপতি তামিম
পরবর্তী নিবন্ধনগরে প্রবাসী প্রকৌশলীকে অপহরণ, দুই ঘণ্টার মধ্যে উদ্ধার