ট্রাফিক ম্যানেজমেন্ট সিস্টেমকে পুঁজি করে প্রতারণা

সতর্ক থাকার আহ্বান পুলিশের

আজাদী প্রতিবেদন | রবিবার , ২৪ মে, ২০২৬ at ৫:৪১ পূর্বাহ্ণ

বিভিন্ন ক্লাব ও সমিতির অনলাইন মিটিং, পুলিশের বিরুদ্ধে হোয়াটসঅ্যাপ গ্রুপ খোলার অভিযোগসহ নানাভাবে মোবাইল হ্যাক করে শত শত মানুষকে প্রতারিত করা হয়েছে। এবার ডিজিটাল এই প্রতারণায় যুক্ত করা হয়েছে দেশের ট্রাফিক বিভাগকে।

সম্প্রতি ঢাকায় চালু হওয়া ইনট্রিগ্রেটেড ট্রাফিক ম্যানেজমেন্ট সিস্টেমকে (আইটিএমএস) পুঁজি করে সাধারণ মানুষের সাথে প্রতারণা শুরু হয়েছে। প্রযুক্তিনির্ভর এবং সময়োপযোগী ট্রাফিক ব্যবস্থাপনা সিস্টেমকে পুঁজি করে একটি প্রতারক চক্র মাঠে নেমেছে। তারা বিভিন্ন ব্যক্তির মোবাইলে বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষ ট্রাফিক জরিমানার চূড়ান্ত নিষ্পত্তি বিজ্ঞপ্তি হিসেবে একটি ম্যাসেজ পাঠাচ্ছে। যাতে জরিমানা নম্বর : ২০২৬বিডি৪৭৮২১০৩৯ভি। তারিখ : ২৩ মে, ২০২৬ এতে বলা হয়েছে, ইন্টেলিজেন্ট ভিডিও নজরদারি ব্যবস্থা অনুযায়ী আপনি ট্রাফিক আইন লক্সঘন করেছেন। একটি নির্ধারিত এলাকার মধ্যে আপনার যানবাহনটি অবৈধভাবে চালানোর বিষয়টি ক্যামেরায় ধরা পড়েছে। অনুগ্রহ করে ২৩ মে, ২৪:০০টার আগে অফিসিয়াল ওয়েবসাইটে লগ ইন করে জরিমানা পরিশোধ করুন! বিলম্বিত পরিশোধ : যেহেতু এই লক্সঘনটি যাচাই করা হয়েছে, তাই বকেয়া পরিশোধের তথ্য জাতীয় চালক ডেটাবেস এবং আপনার ক্রেডিট রেকর্ডে সিনক্রোনাইজ করা হবে। আমরা আইন অনুযায়ী বকেয়া জরিমানা পরিশোধ এবং যানবাহন জব্দসহ সংশ্লিষ্ট প্রশাসনিক কার্যক্রম শুরু করব। দএসএমএসে দেখুন এবং পরিশোধ করুন্থ বলে একটি ওয়েব পেজের লিংক দেওয়া হয়েছে। https://bspbrtcar-payfeebd.icu. ‘ইলেকট্রনিক এভিডেন্স ইমেজ’ এবং ‘প্রশাসনিক জরিমানা বিজ্ঞপ্তি’ দেখার জন্য অফিসিয়াল ওয়েবসাইটে প্রবেশ করতে ‘১’ লিখে এসএমএসটি পুনরায় খুলুন।

মজার ব্যাপার হচ্ছে, এই লিংকে প্রবেশ করে যেকোনো গাড়ির নম্বর দিলেই তাতে জরিমানা দেখাচ্ছে। অর্ধেক ছাড় দেওয়া হয়েছে। বাকি অর্ধেক পরিশোধ করার জন্য বলা হচ্ছে।

বিষয়টি নিয়ে সংশ্লিষ্ট কয়েকজন বলেছেন, তারাও এসএমএস পেয়েছেন। লিংকে প্রবেশ করে নিজের গাড়ির জরিমানা দেখে অনেকেই ভীত হয়েছেন। বিশেষ করে ‘জাতীয় ডেটাবেস’, ‘ক্রেডিট রেকর্ড’, ‘যানবাহন জব্দ’ ইত্যাদি শব্দ ব্যবহার করে আতঙ্ক সৃষ্টি করা হচ্ছে।

এ ব্যাপারে সিএমপির অতিরিক্ত কমিশনার (ট্রাফিক) ওয়াহিদুল হক চৌধুরী বলেন, চট্টগ্রামে এই ধরনের কোনো সেবা শুরু হয়নি। বিষয়টি নিয়ে সতর্ক থাকার জন্য সংশ্লিষ্ট গাড়িমালিকদের প্রতি অনুরোধ জানিয়েছেন তিনি।

পূর্ববর্তী নিবন্ধরামিসার হত্যাকারীর শাস্তি এক মাসের মধ্যে : প্রধানমন্ত্রী
পরবর্তী নিবন্ধজঙ্গল সলিমপুরে পুত্রের হাতে পিতা খুন