দ্রুততম মানবী হওয়ার পর শিরিন আক্তার ট্র্যাকে ঝড় তুললেন আবারও। হলেন ২০০ মিটার স্প্রিন্টের সেরা। ছেলেদের ২০০ মিটারে সোনা জিতেছেন আব্দুল মোতালেব। মেয়েদের ট্রিপল জাম্পে রেকর্ড গড়ে সোনা জিতেছেন সোনিয়া আক্তার। ৯টি জাতীয় রেকর্ড দিয়ে শেষ হলো জাতীয় অ্যাথলেটিক্সের এবারের আসর। ২১টি সোনা, ১৬টি রুপা ও ১০টি ব্রোঞ্জসহ ৪৭টি পদক নিয়ে দলগত সেরা হয়েছে বাংলাদেশ নৌবাহিনী। পল্টনের জাতীয় স্টেডিয়ামে গতকাল মঙ্গলবার ২০০ মিটারে বাংলাদেশ সেনাবাহিনীর মোতালেব ২১ দশমিক ৮৭ সেকেন্ড সময় নিয়ে সেরা হন। শিরিন দৌড় শেষ করেন ২৪ দশমিক ৯৩ সেকেন্ডে। সেরা হলেও এই ইভেন্টে ব্যক্তিগত সেরা টাইমিং পেছনে ফেলতে পারেননি শিরিন, ২০২৪ সালে ২৪ দশমিক ৬৮ সেকেন্ডে দৌড় শেষ করে জাতীয় রেকর্ড গড়েছিলেন তিনি। খবর বিডিনিউজের।
প্রতিযোগিতার তৃতীয় ও শেষ দিনে রেকর্ড হয়েছে দুটি। পোলভল্ট ইভেন্টে ৪ দশমিক ৫২ মিটার উচ্চতা অতিক্রম করে নতুন জাতীয় রেকর্ড গড়েছেন সেনাবাহিনীর সৌরভ মিয়া। ২০২৫ সালে ৪ দশমিক ৫১ মি. উচ্চতা অতিক্রমের রেকর্ডটিও তারই ছিল। মেয়েদের ট্রিপল জাম্পে নৌবাহিনীর সোনিয়া আক্তার ১২ দশমিক ৭২ মিটার দূরত্ব অতিক্রম করে ভেঙেছেন গত বছর বাংলাদেশ সেনাবাহিনীর জান্নাতুলের গড়া ১২ দশমিক ৪৯ মিটারের রেকর্ড। জ্যাভলিন থ্রো (পুরুষ) ইভেন্ট হয়েছে বাংলাদেশ আর্মি স্টেডিয়ামে। সোমবার এই ইভেন্টে ৬৭ দশমিক ৩৫ মিটার দূরত্বে নিক্ষেপ করে নৌবাহিনীর মেহেদী হাসান গড়েছেন নতুন রেকর্ড। আগের রেকর্ডটি মো. মনিরুজ্জামানের; ২০১৭ সালে (৬৪ দশমিক ০৫ মিটার) গড়েছিলেন তিনি। ৪০০ মিটারে ৫৭ দশমিক ১১ সেকেন্ড সময় নিয়ে নৌবাহিনীর নুসরাত জাহান রুনা এবং ছেলেদের বিভাগে ৪৭ দশমিক ০৮ সেকেন্ড টাইমিং করে সেরা হয়েছেন সেনাবাহিনীর লুসাদ ইসলাম।










