বিএনপি-জামায়াতের দূরত্ব সংঘাতে রূপ নিলে লাভবান হবে আওয়ামী লীগ : মঞ্জু

| শনিবার , ১৬ মে, ২০২৬ at ৬:৩৫ পূর্বাহ্ণ

বিএনপিজামায়াতের মধ্যে দূরত্ব সংঘাতে রূপ নিলে আওয়ামী লীগ লাভবান হবে বলে মন্তব্য করেছেন এবি পার্টির চেয়ারম্যান মজিবুর রহমান মঞ্জু। গতকাল শুক্রবার নগরীর ওয়াসা মোড়স্থ একটি রেস্টুরেন্টে মহানগর এবি পার্টির সংগঠক সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। দলের ভাইস চেয়ারম্যান ও মহানগর কমিটির আহ্বায়ক অ্যাডভোকেট গোলাম ফারুক সভাপতিত্ব করেন। সমাবেশ সঞ্চালনা করেন মহানগর সদস্যসচিব অ্যাডভোকেট সৈয়দ আবুল কাশেম। বিশেষ অতিথি ছিলেন, বিভাগীয় সাংগঠনিক সম্পাদক সিদ্দিকুর রহমান।

মজিবুর রহমান মঞ্জু বলেন, বর্তমান রাজনৈতিক প্রেক্ষাপটে উভয় দল আবারও মুখোমুখি অবস্থানে চলে যাচ্ছে। এই দূরত্ব যদি সংঘাতে রূপ নেয়, তবে তা স্বাভাবিকভাবেই পতিত ফ্যাসিবাদী আওয়ামী লীগকে রাজনৈতিকভাবে লাভবান করবে। পুলিশকে দলীয় বাহিনী হিসেবে ব্যবহারের অতীত প্র্যাকটিস পুনরায় ফিরে আসার শঙ্কা দেখা দিচ্ছে। একইসাথে পুলিশ সংস্কার কমিশন গঠন, স্বাধীন বিচার বিভাগ ও দুর্নীতি দমন কমিশনকে শক্তিশালী করার ক্ষেত্রে সরকারের পশ্চাদপসরণ ভবিষ্যতে আরও জটিল পরিস্থিতি সৃষ্টি করতে পারে বলে তিনি আশঙ্কা প্রকাশ করেন।

সমাবেশে তিনি থানা ও ওয়ার্ড পর্যায়ে এবি পার্টিকে শক্তিশালী ও বিস্তৃত করার জন্য নেতৃবৃন্দকে দিকনির্দেশনা প্রদান করেন। সমাবেশে আরও উপস্থিত ছিলেন

এবি পার্টির মহানগর যুগ্ম সদস্য সচিব শহিদুল ইসলাম বাবুল, অর্থ সম্পাদক ইঞ্জিনিয়ার যায়েদ হাসান চৌধুরী, মহানগর আহ্বায়ক আব্দুর রহমান মনির, আতাউর রহমান নূর, তৌহিদ হোসেন রাকিল, যুব পার্টির সদস্য সচিব মুহাম্মদ জাবেদ, হারুনুর রশিদ চৌধুরী, মোহাম্মদ আজগর,সঞ্জয় চৌধুরী বিশু, সুমন চৌধুরী, আরশাদ হোসাইন, নুরুল ইসলাম, নাজমুল হোসেন, মুহাম্মদ মুরাদ, কানিজ ফাতেমা, বিধান কান্তি, ছাত্র নেতা অর্ক, রাবিয়া সুলতানা প্রমুখ। প্রেস বিজ্ঞপ্তি।

পূর্ববর্তী নিবন্ধঅর্থঋণ মামলায় সাজাপ্রাপ্ত দুই আসামি গ্রেপ্তার
পরবর্তী নিবন্ধকারিনা কায়সারকে বাঁচানো গেল না