ভূমি ও পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের দায়িত্বপ্রাপ্ত প্রতিমন্ত্রী ব্যারিস্টার মীর মোহাম্মদ হেলাল উদ্দিন বলছেন, সরকার সুবিধা বঞ্চিত মানুষের সামাজিক সুরক্ষা নিশ্চিত করতে কাজ করছে। কারণ দেশের প্রান্তিক জনগোষ্ঠীকে পিছিয়ে রেখে দেশের উন্নয়ন সম্ভব নয়। সরকারের ৯০ দিন বয়সের মধ্যে নিজের সংসদীয় আসনে তিনি ৫৪টি উন্নয়ন প্রকল্পের কাজে হাত দিয়েছেন। এর মধ্যে কয়েকটি উন্নয়ন কাজের উদ্বোধন, কয়েকটির ভিত্তি প্রস্তর স্থাপন, আবার কোনো কোনটির কাজ চলমান রয়েছে বলে তিনি উল্লেখ করেন। মীর হেলাল বলেন, আমার সংসদীয় এলাকায় জনগণ আমাকে চট্টগ্রাম বিভাগের মধ্যে সর্বোচ্চ ভোটে বিজয় করে আমার কাঁধে গুরু দায়িত্বভার তুলে দিয়েছেন। তাই আমি প্রধানমন্ত্রী তারেক রহমানের দেখানো পথে জনগণের উন্নয়ন ও কল্যাণে কাজ করে যাচ্ছি।
তিনি গতকাল বুধবার হাটহাজারী উপজেলা প্রশাসন আয়োজিত প্রাকৃতিক দুর্যোগ ও অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্তদের মধ্যে নগদ অর্থ, ঢেউটিন বিতরণ, প্রতিবন্ধীদের হুইল চেয়ার বিতরণ, অসচ্ছল পরিবারের মধ্যে নগদ অর্থ বিতরণ, হালদা নদীর তীরবর্তী নিবন্ধিত মৎস্যজীবীদের মাঝে বিকল্প কর্মসংস্থানের লক্ষ্যে এআইজি সহায়তা (সেলাই মেশিন) বিতরণ, মাদকমুক্ত সমাজ গঠনে করণনীয় শীর্ষক আলোচনা, আন্তঃস্কুল ও মাদ্রাসা বিতর্ক প্রতিযোগিতা উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন। উপজেলার পরিষদ চত্বরে আয়োজিত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মুহাম্মদ আবদুল্লাহ আল মুমিন।
প্রধান অতিথি বলেন, হালদা নদী হাটহাজারী তথা চট্টগ্রামের ঐতিহ্য। এই নদীকে রক্ষা করা আমাদের প্রত্যেকের নৈতিক দায়িত্ব। এই নদীর ওপর যারা নির্ভরশীল তাদেরকে বিকল্প কর্মসংস্থান করে দিলে তাদের নদীর প্রতি মমত্ববোধ বেড়ে যাবে। নদী ও জীববৈচিত্র্য রক্ষার প্রতি তারা আরো বেশি যত্নশীল হবে। তাই উপজেলা মৎস্য বিভাগ হালদা নদীর উপর নির্ভরশীলদের বিকল্প কর্মসংস্থান লক্ষ্যে এআইজি সহায়তায় প্রকল্পের আওতায় ৭৫ পরিবারকে সেলাই মেশিন দিয়ে কর্মসংস্থান সুযোগ করে দিয়েছে।
এদিকে সমাজ সেবা দপ্তরের পক্ষ থেকে তিনজন প্রতিবন্ধীকে হুইল চেয়ার এবং দুস্থ ১০ পরিবারের মধ্যে প্রতি পরিবারকে ৫ হাজার টাকার চেক প্রদান করা হয়। উপজেলা সহকারী কমিশনার (ভূমি) শাহেদ আরমানের সঞ্চালনায় মাদকমুক্ত সমাজ গঠনে করণীয় শীর্ষক আলোচনা সভায় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন র্যাব–৭ এর কর্মকর্তা সাইফুর রহমান, অতিরিক্ত পুলিশ সুপার কাজী তারেক আজিজ, মাদক নিয়ন্ত্রণ অধিদপ্তরের সহকারী পরিচালক পরমেশ্ব দাশ, বিএনপির কেন্দ্রীয় নেতা উদয় কুসুম বড়ুয়া, উপজেলা ও পৌরসভা বিএনপি নেতা নুর মোহাম্মদ, জাগির হোসেন, গিয়াস উদ্দিন চেয়ারম্যান ও অহিদুল আলম।













