সকাল ৮টা থেকে বিকেল ৪টা পর্যন্ত খোলা থাকবে ডিপো

নতুন সিদ্ধান্ত বিপিসির

আজাদী প্রতিবেদন | বৃহস্পতিবার , ১৪ মে, ২০২৬ at ১০:৪৫ পূর্বাহ্ণ

দেশে জ্বালানি তেলের সরবরাহ স্বাভাবিক রাখতে আজ বৃহস্পতিবার থেকে প্রতিদিন সকাল ৮টা থেকে বিকেল ৪টা পর্যন্ত ডিপো খোলা রাখার সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশ পেট্রোলিয়াম করপোরেশন (বিপিসি)। গতকাল বুধবার বিপিসির বণ্টন ও পরিবীক্ষণ অধিশাখা থেকে জারি করা এক অফিস আদেশে এ তথ্য জানানো হয়। আদেশে বলা হয়, বিপিসির আওতাধীন তেল বিপণন কোম্পানিগুলোর ডিপোগুলো ১৪ মে সকাল ৮টা হতে বিকেল ৪টা পর্যন্ত খোলা থাকবে। ডিলারদের অনুকূলে জ্বালানি তেল সরবরাহ নিশ্চিত করতে এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এতে আরও বলা হয়, সংশ্লিষ্ট কোম্পানিগুলোকে নির্ধারিত সময়সূচি অনুযায়ী ডিপো খোলা রেখে ডিলারদের কাছে জ্বালানি তেল সরবরাহের প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করতে হবে।

বিপিসির মহাব্যবস্থাপক ফেরদৌসী মাসুদ হিমেল স্বাক্ষরিত এ আদেশটি যমুনা অয়েল কোম্পানি, পদ্মা অয়েল কোম্পানি, মেঘনা পেট্রোলিয়াম লিমিটেড এবং স্ট্যান্ডার্ড এশিয়াটিক অয়েল কোম্পানি লিমিটেডে পাঠানো হয়েছে।

উল্লেখ্য, দেশে জ্বালানি সংকট শুরুর পর ডিপোগুলো থেকে তেল সরবরাহের সময়সীমা ছিল সকাল ৭টা থেকে বিকেল ৩টা পর্যন্ত।

পূর্ববর্তী নিবন্ধপ্রতি ফুট কোরবানির গরুর চামড়ায় ২ টাকা বাড়াল সরকার
পরবর্তী নিবন্ধফটিকছড়িতে যুবকের মৃত্যু নিয়ে রহস্য