ফুটবল খেলা চলাকালে তরুণকে কুপিয়ে জখম কিশোর গ্যাংয়ের

আনোয়ারা উপজেলা আদর্শ উচ্চ বিদ্যালয় মাঠ

আনোয়ারা প্রতিনিধি | বৃহস্পতিবার , ১৪ মে, ২০২৬ at ৬:০৩ পূর্বাহ্ণ

আনোয়ারা থানার বাউন্ডারির ৫০ গজ দূরে আনোয়ারা সরকারি আদর্শ উচ্চ বিদ্যালয়ের মাঠ। সেখানে ফুটবল খেলারত আবিদ (২০) নামের এক তরুণকে সশস্ত্র কিশোর গ্রুপ কুপিয়ে জখম করেছে। গতকাল বুধবার বিকাল সাড়ে ৫টার দিকে এ ঘটনা ঘটে। এ সময় মাঠে খেলারত বিভিন্ন দলের খেলোয়াড়রা আতঙ্কে দিগ্বিদিক ছোটাছুটি করতে থাকে। অন্যদিকে আহত আবিদের সঙ্গীদের ধাওয়া দেয় সশস্ত্র কিশোর গ্যাং। এসময় পুরো এলাকায় আতংক ছড়িয়ে পড়ে। থানার নাকের ডগায় খেলার মাঠে সশস্ত্র কিশোরদের হামলার ঘটনায় স্থানীয়দের মাঝে ব্যাপক প্রতিক্রিয়া দেখা দিয়েছে। ঘটনার পর পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে।

স্থানীয় প্রত্যক্ষদর্শীরা জানায়, আনোয়ারা থানা এবং উপজেলা পরিষদের সামনে আনোয়ারা সরকারি আদর্শ উচ্চ বিদ্যালয় মাঠ। এই মাঠে প্রতিদিন বিকেলে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থী ছাড়াও একাধিক ক্রীড়া সংগঠনের খেলোয়াড়রা বিভিন্ন দলে ভাগ হয়ে খেলাধুলা ও অনুশীলন করে থাকেন। বুধবার বিকেলে খেলোয়াড়রা বিভিন্ন গ্রুপে ভাগ হয়ে মাঠে ক্রিকেটফুটবল খেলছিলেন। এমন সময় বিকাল সাড়ে ৫টার দিকে ৩০/৪০ জনের একদল দেশীয় অস্ত্রে সজ্জিত হয়ে খেলার মাঠে ফুটবল খেলারত অবস্থায় আবিদ নামের এক তরুণের ওপর হামলা করে এবং তার সাথে খেলায় অংশগ্রহণকারী অন্যান্য কিশোরদের মাঠের পূর্ব পাশের সড়ক দিয়ে ধাওয়া করে নিয়ে যায়।

আহত আবিদ উপজেলার চাতরী চৌমুহনীর ব্যবসায়ী বাবুলের ছেলে। তার বাড়ি বাঁশখালী উপজেলায় হলেও তারা চাতরী এলাকায় ভাড়া বাসায় বসবাস করে। ঘটনার বিষয়ে আবিদের সঙ্গী নয়ন বলেন, আমরা চাতরী আর আনোয়ারার সাথে ফুটবল ম্যাচ খেলছিলাম। এসময় হঠাৎ করে দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে কিছু ছেলে এসে আমাদের উপর অতর্কিত হামলা করে। এসময় আমরা একেকজন একেক দিকে ছুটে যায়। পরে দেখি আমাদের সাথে থাকা আবিদকে কুপিয়ে জখম করা হয়েছে।

এ বিষয়ে আনোয়ারা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. জুনায়েত চৌধুরী বলেন, ফুটবল খেলায় হাতাহাতির একটা ঘটনা শুনলাম। এক পক্ষ থানায় অভিযোগ করতে এসেছে। বিষয়টি তদন্ত করে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।

পূর্ববর্তী নিবন্ধপাহাড়তলীতে ফ্লাইওভারে যুবকের ঝুলন্ত লাশ
পরবর্তী নিবন্ধঅবশেষে কারাগারেই যেতে হলো পারভেজকে