পাহাড়তলীতে ফ্লাইওভারে যুবকের ঝুলন্ত লাশ

পুলিশের দাবি আত্মহত্যা

আজাদী প্রতিবেদন | বৃহস্পতিবার , ১৪ মে, ২০২৬ at ৬:০২ পূর্বাহ্ণ

নগরীর পাহাড়তলীর সাগরিকা এলাকার একটি ফ্লাইওভারে রেলিং থেকে এক যুবকের ঝুলন্ত লাশ উদ্ধার করেছে পুলিশ। তার নাম কাউসার আহমেদ। গত সোমবার রাত তিনটার দিকে স্থানীয়দের কাছ থেকে খবর পেয়ে পুলিশের একটি টিম এ লাশ উদ্ধার করে। নিহত কাউসার নগরীর পশ্চিম ফিরোজশাহ এলাকার বাসিন্দা। রড উৎপাদনকারী একটি প্রতিষ্ঠানের স্ক্র্যাপ মালামালবাহী গাড়ি পাহারাদার হিসেবে তিনি কাজ করতেন বলে জানা গেছে। কাউসার নিষিদ্ধ ছাত্রলীগের আকবর শাহ থানার মুক্তিযুদ্ধবিষয়ক সম্পাদক ছিলেন দাবি করে সামাজিক যোগাযোগমাধ্যমে বেশ কিছু পোস্ট ছড়িয়ে পড়েছে। এসব পোস্টে কাউসারকে হত্যা করা হয়েছে বলে দাবি করা হয়।

তবে পুলিশ বলছে, ওই যুবক রাজনীতিতে সক্রিয় ছিলেন, এমন কোনো তথ্য পাওয়া যায়নি। পরিবারও জানিয়েছে, তিনি রাজনীতিতে সম্পৃক্ততা ছিলেন না। পাহাড়তলী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নুরুল আবছার বলেন, নিহত যুবক একটি প্রতিষ্ঠানের অস্থায়ী নিরাপত্তাকর্মী হিসেবে কর্মরত ছিলেন। তিনি দীর্ঘদিন ধরে মানসিক হতাশায় ভুগছিলেন বলে তার পরিবারের সদস্যরা জানিয়েছেন। প্রাথমিকভাবে ঘটনাটি আত্মহত্যা বলেই ধারণা করা হচ্ছে।

ওসি বলেন, নিহত কাউসারের শরীরে আঘাতের কোনো চিহ্ন নেই। তার মা জানিয়েছেন, কাউসার রাজনীতিতে যুক্ত ছিলেন না। ওসি বলেন, ঘটনার সময়ের একটি সিসিটিভি ফুটেজ আমাদের কাছে রয়েছে। সেখানে দেখা যায়, ছেলেটি একা ফ্লাইওভারে এসে একা দাঁড়িয়ে আছেন। কিছুক্ষণ পর সেখানেই তিনি আত্মহত্যা করেন। সেখানে আর কেউ ছিলেন না। ঘটনাস্থলের প্রতিটি আলামত যাচাই করা হয়েছে। কোন সংঘর্ষ, টেনে নেওয়া বা হত্যার কোন রকম চিহ্ন পাওয়া যায়নি।

যাইহোক, স্থানীয়দের কাছ থেকে খবর পেয়ে লাশটি উদ্ধার করে চমেক হাসপাতালে নিয়ে গিয়ে ময়নাতদন্ত করা হয়। পরে গত মঙ্গলবার বিকেলে পরিবারের কাছে হস্তান্তর করা হয়। এ ঘটনায় থানায় একটি অপমৃত্যু মামলা দায়ের হয়েছে বলেও জানান ওসি।

পূর্ববর্তী নিবন্ধসাধনপুরে চাচার হামলায় ভাতিজার মৃত্যু
পরবর্তী নিবন্ধফুটবল খেলা চলাকালে তরুণকে কুপিয়ে জখম কিশোর গ্যাংয়ের