বাঁশখালীর সাধনপুর ইউনিয়নের বৈলগাঁও মাধবী পাড়ায় চাচার হামলায় মোহাম্মদ হাসান (২৭) নামে এক যুবকের মৃত্যু হয়েছে। পারিবারিক বিরোধকে কেন্দ্র করে গত মঙ্গলবার বিকালে সংঘর্ষে ঘটনা ঘটে। এ সময় আহত হাসান রাতে চিকিৎসাধীন অবস্থায় চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালে মারা যান।
স্থানীয় সূত্রে জানা যায়, মাধবী পাড়ার দুই ভাই মোহাম্মদ নাছির ও মোহাম্মদ বশরের মধ্যে দীর্ঘদিন ধরে জায়গা–জমি নিয়ে বিরোধ চলছিল। বশর পরিবারের সদস্যদের নিয়ে বেশ কিছুদিন কক্সবাজারে অবস্থান করলেও কয়েক মাস আগে গ্রামে ফিরে আসেন। এর মধ্যে তার স্ত্রী মারা যান। গত মঙ্গলবার বিকালে দুই ভাই মোহাম্মদ নাছির ও মোহাম্মদ বশরের মধ্যে বাকবিতণ্ডার ঘটনা ঘটে। এ সময় নাছিরসহ কয়েকজন বশরের ছেলে মোহাম্মদ হাসানের মাথায় আঘাত করলে তিনি গুরুতর আহত হন। পরিবারের সদস্যরা তাকে উদ্ধার করে উন্নত চিকিৎসার জন্য চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করে। সেখানে চিকিৎসাধীন অবস্থায় মঙ্গলবার গভীর রাতে হাসান মৃত্যুবরণ করেন।
জানা যায়, মোহাম্মদ বশরের তিন পুত্রের মধ্যে নিহত হাসান বড়। তিনি রাজমিস্ত্রীর কাজ করতেন। তার সংসারে স্ত্রী ও ৪ বছর বয়সী এক সন্তান রয়েছে।
সাধনপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান কেএম সালাহ উদ্দিন কামাল জানান, বৈলগাঁও গ্রামে সংঘর্ষের ঘটনায় চমেক হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় হাসান মারা যায়।
বাঁশখালী থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) শুধাংশু শেখর হালদার বলেন, লাশ ময়নাতদন্ত শেষে পরিবারের কাছে হস্তান্তর করা হবে। এখনো পর্যন্ত সুনিদিষ্ট কোনো মামলা না হলেও ঘটনায় জড়িতদের গ্রেপ্তারে অভিযান চলছে।
এদিকে, বুধবার সন্ধ্যা ৭টায় এই প্রতিবেদন লেখা পর্যন্ত নিহতের পরিবারের পক্ষ থেকে কোনো ধরনের মামলা কিংবা অভিযোগ দেওয়া হয়নি বলে থানা সূত্রে জানা যায়।












