চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের (চাকসু) উদ্যোগে শিক্ষার্থীদের স্বাস্থ্যসেবা নিশ্চিত করার লক্ষ্যে গতকাল সোমবার চাকসু ভবনে ‘মেডিসিন কর্নার’ উদ্বোধন ও প্রাথমিক চিকিৎসা সরঞ্জাম বিতরণ অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি হিসেবে উদ্বোধন করেন উপাচার্য প্রফেসর ড. মোহাম্মদ আল্–ফোরকান। বিশেষ অতিথি ছিলেন উপ–উপাচার্য (প্রশাসন) প্রফেসর ড. মো. কামাল উদ্দিন। উপাচার্য ও উপ–উপাচার্য (প্রশাসন) ছাত্রীদের বিজয় ২৪ ও প্রীতিলতা হলে মেডিসিন কর্নার উদ্বোধন করেন।
প্রধান অতিথি বলেন, শিক্ষার্থীদের শারীরিক সুস্থতা শিক্ষা জীবনের অবিচ্ছেদ্য অংশ। এই মেডিসিন কর্নার বিশ্ববিদ্যালয়ের সাধারণ শিক্ষার্থীদের জরুরি স্বাস্থ্যসেবায় গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে। তিনি বলেন, চাকসু প্রশাসনের অংশ।
চাকসু ও প্রশাসন মিলে সকল সমস্যা সমাধানে আমরা একসাথে কাজ করবো। এ লক্ষ্যে তিনি সকলের সহযোগিতা কামনা করেন। সভাপতিত্ব করেন কেন্দ্রীয় ছাত্র সংসদের ভিপি ইব্রাহীম হোসেন রনি। তিনি বলেন, শিক্ষার্থীদের দীর্ঘদিনের চাহিদা মেটাতে এবং তাৎক্ষণিক প্রাথমিক চিকিৎসা নিশ্চিত করতেই এই মেডিসিন কর্নার স্থাপন করা হয়েছে। এখান থেকে শিক্ষার্থীরা নিয়মিত প্রাথমিক চিকিৎসা সরঞ্জাম ও প্রয়োজনীয় ওষুধ গ্রহণ করতে পারবেন। বক্তব্য রাখেন জিএস সাঈদ বিন হাবিব ও এজিএস আইয়ুবুর রহমান তৌফিক। অনুষ্ঠান সঞ্চালনা করেন স্বাস্থ্য বিষয়ক সম্পাদক আফনান হাসান ইমরান। প্রেস বিজ্ঞপ্তি।














