রাতে রাস্তায় ছদ্মবেশে নারী পুলিশ কমিশনার, ৪০ কুপ্রস্তাব

| শনিবার , ৯ মে, ২০২৬ at ১১:২৩ পূর্বাহ্ণ

গভীর রাতে সাধারণ নারীর ছদ্মবেশে রাস্তায় নেমে তিন ঘণ্টায় প্রায় ৪০টি কুপ্রস্তাবের মুখে পড়েছেন ভারতের হায়দরাবাদের মালকাজগিরি প্রশাসনিক অঞ্চলের পুলিশ কমিশনার সুমতী। নারীদের জন্য রাতের শহর কতটা নিরাপদতা সরেজমিনে যাচাই করতে গিয়ে এমন অভিজ্ঞতার সম্মুখীন হন তিনি। খবর বাংলানিউজের।

জানা যায়, মধ্যরাতে সাধারণ পোশাকে একা একটি বাসস্টপে অবস্থান নেন সুমতী। রাত ১২টা ৩০ মিনিট থেকে ৩টা ৩০ মিনিট পর্যন্ত পুলিশের দৃশ্যমান উপস্থিতি ছাড়া তিনি সেখানে থাকেন। উদ্দেশ্য ছিল, রাতে নারীরা বাস্তবে কী ধরনের পরিস্থিতির মুখোমুখি হন, তা সরাসরি বোঝা।

পুলিশ সূত্রে জানা গেছে, এই সময়ের মধ্যে প্রায় ৪০ জন পুরুষ তার কাছে এসে কথা বলার চেষ্টা করেন। তাদের অনেকেই মদ্যপ ছিলেন এবং কয়েকজনের ক্ষেত্রে মাদকাসক্তির লক্ষণও দেখা যায়। যারা তার কাছে এসেছিলেন, তাদের বেশিরভাগই ছিলেন তরুণ, এর মধ্যে শিক্ষার্থী ও চাকরিজীবীও ছিলেন। তবে কেউই বুঝতে পারেননি যে, যাকে তারা সাধারণ নারী মনে করছেন, তিনি আসলে একজন জ্যেষ্ঠ পুলিশ কর্মকর্তা।

পুলিশ কর্মকর্তারা জানান, এই অভিযানের উদ্দেশ্য ছিল অভিযোগ বা প্রতিবেদনের বাইরে গিয়ে বাস্তব পরিস্থিতি বোঝা। অভিযান শেষে সংশ্লিষ্ট ব্যক্তিদের শনাক্ত করা হয়। তবে তাৎক্ষণিকভাবে মামলা না করে তাদের থানায় ডেকে কাউন্সেলিং করা হয় এবং নারীদের প্রতি আচরণ সম্পর্কে কঠোর সতর্কবার্তা দেওয়া হয়।

পূর্ববর্তী নিবন্ধহান্টাভাইরাসে মৃত্যু ৩, সতর্ক করলো বিশ্ব স্বাস্থ্য সংস্থা
পরবর্তী নিবন্ধফরেনসিকে তরমুজে মিলেছে ইঁদুর মারার বিষ