বগুড়া সিটি কর্পোরেশনসহ নতুন পাঁচ উপজেলা গঠনের প্রস্তাব প্রশাসনিক পুনর্বিন্যাস সংক্রান্ত জাতীয় বাস্তবায়ন কমিটির (নিকার) সভায় অনুমোদিত হয়েছে। গতকাল বৃহস্পতিবার প্রধানমন্ত্রী তারেক রহমানের সভাপতিত্বে সচিবালয়ে মন্ত্রিপরিষদ বিভাগে নিকারের ১২০তম সভায় নতুন সিটি কর্পোরেশন এবং উপজেলা গঠনের প্রস্তাব অনুমোদন দেওয়া হয়। সভায় বগুড়া সিটি কর্পোরেশন গঠনের পাশাপাশি কক্সবাজারের মাতামুহুরীসহ পাঁচটি নতুন উপজেলা গঠন অনুমোদন করা হয়েছে বলে প্রধানমন্ত্রীর কার্যালয়ের ফেসবুক পেজে জানানো হয়েছে। খবর বাংলানিউজ ও বিডিনিউজের।
নতুন পাঁচ উপজেলার তালিকায় রয়েছে– বগুড়ার মোকামতলা (বর্তমানে শিবগঞ্জের সঙ্গে), কক্সবাজারের মাতামুহুরী (বর্তমানে চকরিয়ার সঙ্গে), ঠাকুরগাঁওয়ে রুহিয়া ও ভুল্লী (বর্তমানে সদরের সঙ্গে) এবং লক্ষ্মীপুরের চন্দ্রগঞ্জ (বর্তমানে সদরের সঙ্গে)।
এর আগে স্থানীয় সরকার বিভাগ থেকে নিকার সভার জন্য বগুড়া সিটি কর্পোরেশন এবং নতুন উপজেলা গঠনের সারসংক্ষেপ উপস্থাপন করা হয়। নিকারের বৈঠকে অনুমোদন পাওয়ার আগেই অবশ্য যাত্রা শুরু করে বগুড়া সিটি কর্পোরেশন। গত ২০ এপ্রিল বগুড়া সফরে গিয়ে সিটি কর্পোরেশনের ফলক উন্মোচন করেন প্রধানমন্ত্রী তারেক রহমান।
বর্তমানে দেশের ৮টি বিভাগের অধীনে মোট ১২টি সিটি কর্পোরেশন রয়েছে। সর্বশেষ নতুন ১৩তম সিটি কর্পোরেশন বগুড়া সিটি কর্পোরেশন। আর দেশে বর্তমানে মোট ৪৯৫টি উপজেলা রয়েছে। নতুন এই পাঁচটি নিয়ে উপজেলার সংখ্যা হবে ৫০০।
এর আগে, সর্বশেষ মাদারীপুরের ডাসার উপজেলা, কঙবাজারের ঈদগাঁও এবং সুনামগঞ্জের মধ্যনগর উপজেলা গঠন করা হয়।














