খুলশীতে স্কুল শিক্ষার্থীকে কারে তুলে নেয়ার চেষ্টা, একজন গ্রেপ্তার

আজাদী প্রতিবেদন | শুক্রবার , ৮ মে, ২০২৬ at ১০:০৬ পূর্বাহ্ণ

নগরীর খুলশী থানাধীন জালালাবাদ এলাকায় এলাকায় এক স্কুল শিক্ষার্থীকে জোর করে প্রাইভেটকারে তুলে নিয়ে যাওয়ার সময় আশেপাশের লোকজনের সহযোগিতায় হাসান তারেক (৪০) নামে একজনকে গ্রেপ্তার করা হয়েছে। গত বুধবার দুপুর দেড়টায় ওই শিক্ষার্থী পরীক্ষা শেষ করে জালালাবাদ আনসার ক্যাম্পের সমানে খালার বাসায় যাওয়ার সময় এই ঘটনা ঘটে। পুলিশ জানায়, গতকাল বৃহস্পতিবার এই ঘটনায় ওই শিক্ষার্থীর মা বাদী হয়ে খুলশী থানায় মামলা দায়ের করেছেন। মামলা দায়েরের পর আসামীকে আদালতে হাজির করে জেলে পাঠানো হয়েছে।

এ ঘটনায় খুলশী থানার উপপরিদর্শক (এসআই) মনিতোষ বিশ্বাস আজাদীকে জানান, খুলশী জালালাবাদ আনসার ক্যাম্প এলাকায় গত বুধবার দুপুরে ৯ম শ্রেণীর এক শিক্ষার্থীকে গাড়িতে তুলে নিয়ে যাওয়ার চেষ্টার ঘটনায় হাসান তারেক নামে এক ব্যক্তিকে গ্রেপ্তার করা হয়েছে। এই ঘটনায় ওই শিক্ষার্থীর মা বাদী হয়ে থানায় মামলা দায়ের করেছেন। আসামীকে আদালতে হাজির করে জেলে পাঠানো হয়েছে।

শিক্ষীর্থীর খালা জানান, বুধবার স্কুল থেকে পরীক্ষা শেষে আমার ভাগনি বাসায় ফিরছিলেন। ওয়ারলেস এলাকা পার হয়ে বিএডিসি গেট এলাকায় আসলে পিছন থেকে একটি প্রাইভেটকার খুব ধীর গতিতে তাকে অনুসরণ করে। একপর্যায়ে তার পাশে এসে গাড়ির ভেতরে থাকা হাসান তারেক নামে এক লোক তাকে একাধিকবার গাড়িতে উঠতে বলে। একপর্যায়ে মেয়েটি তার বাসার গেটে চলে আসে। এরপর ওই লোক তার বাসার গেটে এসে ওই মেয়ের মোবাইল নম্বর, ফেসবুক আইডি দিতে বলে। পরে ওই মেয়েটি দৌড়ে বাসায় ঢুকে যায়।

তিনি আরও জানান, বাসায় এসে মেয়ের কথা শুনে আমরা বাসার গেটে যায়। বাসার গলির শেষ দিকে থেকে গাড়ি ঘুরিয়ে আসার পথে আমরা তাকে আটকাই। পরে স্থানীয়দের সহযোগিতায় পুলিশকে খবর দেয়া হয়। পুলিশ এসে তাকে থানায় নিয়ে যায়।

পূর্ববর্তী নিবন্ধপরীক্ষা শেষে বাড়ি ফেরে শিশুটি, পরে খালে মিলল নিথর দেহ
পরবর্তী নিবন্ধপশ্চিমবঙ্গের বিধানসভা ভেঙে দিলেন রাজ্যপাল, আর মুখ্যমন্ত্রী রইলেন না মমতা