১৮ জনের বিরুদ্ধে মামলা, গ্রেপ্তার ১

কেইপিজেডে গাছ কাটাকে কেন্দ্র করে সংঘর্ষ

কর্ণফুলী প্রতিনিধি | বুধবার , ৬ মে, ২০২৬ at ৬:০২ পূর্বাহ্ণ

কর্ণফুলীর কোরিয়ান ইপিজেড (কেইপিজেড) এলাকায় দেশীয় অস্ত্র নিয়ে মহড়া ও তাণ্ডবের ঘটনায় থানায় মামলা দায়ের করা হয়েছে। মামলায় ১৮ জনের নাম উল্লেখ করে আরও ৩০০ থেকে ৪০০ জনকে অজ্ঞাত আসামি করা হয়েছে। এ ঘটনায় এখন পর্যন্ত একজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। গতকাল মঙ্গলবার কর্ণফুলী থানার উপপরিদর্শক (এসআই) মো. জয়নাল আবেদীন বাদী হয়ে মামলাটি করেন। গ্রেপ্তার হওয়া আসামি মো. শফি (৩৮)। বাকি আসামিরা উপজেলার বড়উঠান ইউনিয়নের বাসিন্দা বলে এজাহারে উল্লেখ করা হয়েছে। মামলার এজাহারে বলা হয়, আসামিরা ছাত্রলীগ ও যুবলীগের সক্রিয় কর্মী এবং স্থানীয় দুষ্কৃতিকারী। ঘটনার দিন তারা লাঠিসোটা, রামদা, কিরিচ ও ইটপাটকেল নিয়ে কেপিজেড গেট এলাকায় মিছিল করে জনমনে আতঙ্ক সৃষ্টি করে এবং বিভিন্ন স্লোগান দেয়। সালাউদ্দিনের নেতৃত্বে কেপিজেডের গেটে হামলা ও ভাঙচুর চালিয়ে প্রায় এক লাখ টাকার ক্ষয়ক্ষতি করা হয়। এ সময় সড়কে চলাচলরত বিভিন্ন যানবাহনেও হামলা চালানো হয় বলে এজাহারে উল্লেখ রয়েছে। ঘটনাস্থল থেকে পুলিশ বাঁশের লাঠি, ইট ও কাচের টুকরো উদ্ধার করেছে।

এ বিষয়ে কর্ণফুলী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহীনূর আলম বলেন, কেপিজেড এলাকার ঘটনায় মামলা হয়েছে। একজনকে গ্রেপ্তার করা হয়েছে এবং অন্য আসামিদের ধরতে অভিযান চলছে।

পূর্ববর্তী নিবন্ধকৌতুক কণিকা
পরবর্তী নিবন্ধউখিয়ায় দুর্বৃত্তের গুলিতে রোহিঙ্গা নেতা নিহত