মিয়ানমারে ১১ বাংলাদেশি আটক, দুটি নৌকা জব্দ

গাঁজা পাচারের অভিযোগ

কক্সবাজার প্রতিনিধি | সোমবার , ২৭ এপ্রিল, ২০২৬ at ৭:২৯ পূর্বাহ্ণ

মিয়ানমারের রাখাইন উপকূলে গাঁজা পাচারের অভিযোগে ১১জন বাংলাদেশি নাগরিককে আটক করেছে মিয়ানমারের কোস্টগার্ড সদস্যরা। এ সময় গাঁজাবাহী ২টি নৌকাও জব্দ করা হয়। মিয়ানমারভিত্তিক সংবাদমাধ্যম গ্লোবাল আরাকান নেটওয়ার্কের সূত্রে জানা যায়, গত ২৪এপ্রিল দুপুরে রাখাইন রাজ্যের রাঠেডং টাউনশিপের ডনপাইক ও শিলখালির মধ্যবর্তী এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়। ওইদিন দুপুর ১টা ২০ মিনিটের দিকে ইঞ্জিন বিকল হয়ে একটি নৌকা নোঙর করা অবস্থায় দেখতে পায় মিয়ানমার কোস্টগার্ড। পরে তল্লাশি চালিয়ে ওই নৌকা থেকে ৬জন পুরুষ ও ১জন নারীসহ ৭জন বাংলাদেশিকে আটক করা হয়।

নৌকাটি থেকে মোট ২৩টি প্যাকেটে বিপুল পরিমাণ শুকনো গাঁজা উদ্ধার করা হয়। এর মধ্যে প্রায় ৩কেজি ওজনের ৩টি ব্যাগ, ২কেজির ৩টি প্যাকেট এবং ১কেজির ১৭টি প্যাকেট ছিল। এছাড়া ২ব্যাগ জন্মনিয়ন্ত্রণ বড়ি, ৪টি মোবাইল ফোন ও ৫০০ টাকা জব্দ করা হয়। একই দিন দুপুর ২টা ১৮ মিনিটের দিকে ইঞ্জিন বিকল হওয়া নৌকাটিকে উদ্ধারে আসা আরও ৪জন বাংলাদেশিসহ আরেকটি নৌকাও জব্দ করে আরাকান আর্মির কোস্ট গার্ড সদস্যরা। স্থানীয়দের ধারণা, জব্দ নৌকাগুলো টেকনাফ উপকূলের হতে পারে। তবে সুনির্দিষ্ট কোন নৌকাঘাটের তা এখনো নিশ্চিত হওয়া যায়নি। আটকদের পরিচয়ও এখনো শনাক্ত করা সম্ভব হয়নি। বর্তমানে আটক ১১ বাংলাদেশি, উদ্ধার করা মাদকদ্রব্য ও জব্দ করা নৌকাগুলোসহ মিয়ানমার কোস্টগার্ডের হেফাজতে রয়েছে। তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে বলে জানা গেছে। এ বিষয়ে বাংলাদেশ বর্ডার গার্ড (বিজিবি) ও টেকনাফ উপজেলা প্রশাসনের পক্ষ থেকে তাৎক্ষণিক কোনো বক্তব্য পাওয়া যায়নি।

পূর্ববর্তী নিবন্ধঅনুমতি ছাড়া পাহাড় কাটা, খাগড়াছড়িতে ৪ জনের বিরুদ্ধে মামলা
পরবর্তী নিবন্ধসীতাকুণ্ড ও ফটিকছড়িতে পুকুরে ডুবে দুই শিশুর মৃত্যু