কর্ণফুলী নদীর বুকে ভুয়া চক্রের দৌরাত্ম্য, জনতার হাতে ধরা দুই চাঁদাবাজ

কর্ণফুলী প্রতিনিধি | রবিবার , ২৬ এপ্রিল, ২০২৬ at ৩:৪২ অপরাহ্ণ

চট্টগ্রামের বাকলিয়া থানার মন্দিরঘাট এলাকায় কর্ণফুলী নদীতে বাল্কহেড শ্রমিকদের কাছ থেকে চাঁদা আদায়ের সময় দুই প্রতারককে হাতেনাতে আটক করে নৌ পুলিশের কাছে সোপর্দ করেছে স্থানীয় জনতা। গত শুক্রবার রাতে এ ঘটনা ঘটলেও
জানাজানি হয় পরে।

বিষয়টি নিশ্চিত করেছেন সদরঘাট নৌ পুলিশের ওসি মো. মিজানুর রহমান।

আটক দুইজন হলেন-শাহে আলম ওরফে দাদা ভাই (৪৬)। বাড়ি ভোলা জেলার চরফ্যাশন থানার চরমানিকা ইউনিয়নের দক্ষিণ আইসা গ্রামের হানিফ বেপারির ছেলে ও অন্যজন হলেন মোহাম্মদ লিটন (৩৭)। বাড়ি সীতাকুণ্ড উপজেলার বড় কুমিরা এলাকার আজিজ বলির বাড়ি নোয়া মিয়ার ছেলে।

জানা গেছে, অভিযুক্তরা ভাড়া করা একটি নৌকা নিয়ে নদীর মাঝখানে গিয়ে চলাচলরত বাল্কহেড থামাত। এরপর কখনো নিজেদের নৌ পুলিশ, কখনো শ্রমিক ইউনিয়নের নেতা, আবার কখনো সাংবাদিক পরিচয় দিয়ে শ্রমিকদের ভয়ভীতি দেখিয়ে টাকা আদায় করত। তাদের সন্দেহজনক আচরণে সতর্ক হয়ে স্থানীয়রা একপর্যায়ে ধাওয়া দিয়ে দুজনকে আটক করে।

আটকের সময় তাদের কাছ থেকে চাঁদাবাজির নগদ ২ হাজার টাকা, একটি লোহার স্টিক এবং সাংবাদিকসহ বিভিন্ন সংগঠনের একাধিক ভুয়া পরিচয়পত্র উদ্ধার করা হয়। তারমধ্যে জেট টিভিরও দুটি কার্ড মিলে। পাশাপাশি নদীর পাড়ে রাখা তাদের ব্যবহৃত একটি প্রাইভেটকারও জব্দ করে নৌ পুলিশ।

স্থানীয়দের অভিযোগ, দীর্ঘদিন ধরে এ চক্রটি নদীপথে বিভিন্ন পরিচয়ে শ্রমিকদের হয়রানি করে আসছিল। হাতেনাতে ধরা পড়ার পর তারা নিজেদের অপরাধ স্বীকার করে। পরে খবর পেয়ে নৌ পুলিশ ঘটনাস্থলে পৌঁছালে জনতা তাদের পুলিশের হাতে তুলে দেয়।

নৌ পুলিশের পক্ষ থেকে জানানো হয়েছে, আটককৃতদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে। এ চক্রের সঙ্গে আরও কেউ জড়িত রয়েছে কি না, তা খতিয়ে দেখা হচ্ছে। ঘটনাটি এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি করেছে।

পূর্ববর্তী নিবন্ধঅভিমান করে ঘর ছাড়ে কিশোর, ‘মুক্তিপণ নাটক’ সাজিয়ে ৭ লাখ টাকা দাবি