মেয়াদ তিন সপ্তাহ বাড়ানোর ঘোষণা আসার একদিন পর যুক্তরাষ্ট্রের মধ্যস্থতায় হওয়া লেবানন–ইসরায়েল যুদ্ধবিরতিকে অর্থহীন আখ্যা দিল লেবাননের ইরান–ঘেঁষা রাজনৈতিক–সামরিক গোষ্ঠী হিজবুল্লাহ। এদিকে শুক্রবার লেবাননের কর্তৃপক্ষ ইসরায়েলি হামলায় দুইজন নিহতের কথাও নিশ্চিত করেছে। খবর বিডিনিউজের।
এদিন হিজবুল্লাহ একটি ইসরায়েলি ড্রোন ভূপাতিতও করেছে বলে জানিয়েছে বার্তা সংস্থা রয়টার্স। হোয়াইট হাউসে ইসরায়েল ও লেবাননের দুই রাষ্ট্রদূতকে নিয়ে বৈঠক করার পর বৃহস্পতিবার মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প যুদ্ধবিরতির মেয়াদ আরও তিন সপ্তাহ বাড়ানোর ঘোষণা দেন। আগের ১০ দিনের যুদ্ধবিরতিটি রোববার শেষ হওয়ার কথা ছিল। চলতি মাসের মাঝামাঝি যুদ্ধবিরতির ঘোষণা আসার পর লেবাননে সহিংসতার পরিমাণ অনেকখানি কমলেও দক্ষিণ লেবাননে ইসরায়েল ও হিজবুল্লাহর মধ্যে লড়াই থামেনি। ইসরায়েল সেখানে স্বঘোষিত এক বাফার জোনে তার সেনাদের রেখেছে। যুদ্ধবিরতির মেয়াদবৃদ্ধির ঘোষণার প্রতিক্রিয়ায় হিজবুল্লাহর সাংসদ আলি ফায়াদ বলেছেন, এটা বলা জরুরি যে হত্যাযজ্ঞ, গোলাবর্ষণ ও গুলি চালানোসহ আক্রমণাত্মক সব কর্মকাণ্ড ইসরায়েল যেভাবে চালিয়ে যাচ্ছে এবং দক্ষিণে গ্রাম ও শহর ধ্বংস করছে তাতে এই যুদ্ধবিরতি অর্থহীন।














