সীতাকুণ্ডের বাড়বকুণ্ড ইউনিয়নের শুকলাল হাট বাজারে একটি তুলার গুদামে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। গতকাল বৃহস্পতিবার বেলা সোয়া ১০টার দিকে ভায়ারখীল রোডের মো. সফির মালিকানাধীন গুদামে এ আগুন লাগে। ফায়ার সার্ভিসের দুটি ইউনিট প্রায় দুই ঘণ্টা চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে।
ফায়ার সার্ভিস ও স্থানীয় সূত্রে জানা গেছে, শুকলাল হাট বাজারের ওই তুলার গুদামে সকালে হঠাৎ আগুন লাগে। মুহূর্তের মধ্যে আগুন পুরো গুদামে ছড়িয়ে পড়ে। খবর পেয়ে সীতাকুণ্ড ফায়ার সার্ভিসের সদস্যরা ঘটনাস্থলে পৌঁছে কাজ শুরু করেন। তাদের তৎপরতায় আগুন পার্শ্ববর্তী মার্কেটের শতাধিক দোকানে ছড়িয়ে পড়া থেকে রক্ষা পায়। তবে আগুনে গুদামের তুলা ও যন্ত্রপাতি পুড়ে গেছে।
ক্ষতিগ্রস্ত মালিক মো. সফি দাবি করেছেন, অগ্নিকাণ্ডে তার অন্তত ১০ লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে। তিনি বলেন, মুহূর্তের মধ্যেই সব পুড়ে ছাই হয়ে গেছে।
সীতাকুণ্ড ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের সিনিয়র স্টেশন কর্মকর্তা মো. বেলাল উদ্দিন বলেন, খবর পেয়ে আমরা দ্রুত ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনি। তুলার মেশিনের বৈদ্যুতিক শর্টসার্কিট থেকে আগুনের সূত্রপাত হয়েছে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে।
অগ্নিকাণ্ডে ৫ লাখ টাকার সমপরিমাণ ক্ষতি হয়েছে বলে ফায়ার সার্ভিসের পক্ষ থেকে জানানো হয়েছে













