ত্রয়োদশ সংসদের সংরক্ষিত নারী আসনের নির্বাচন হবে ১২ মে; তার আগে ৮ এপ্রিল ভোটের তফসিল ঘোষণা করবে নির্বাচন কমিশন। ইসি সচিব আখতার আহমেদ গতকাল সোমবার কমিশন সভা শেষে এ তথ্য জানান। প্রধান নির্বাচন কমিশনার এ এম এম নাসিরুদ্দিনের সভাপতিত্বে সকালে কমিশন সভা হয়। আখতার আহমেদ বলেন, নির্বাচন কমিশন সচিবালয়ে রিটার্নিং কর্মকর্তার কাছে মনোনয়নপত্র জমা দেওয়া, বাছাই এবং প্রত্যাহারের শেষ সময় তফসিলের সময় জানিয়ে দেওয়া হবে। বিদ্যমান আইন অনুযায়ী, ভোটে জয়ী দলগুলোর আসন সংখ্যার অনুপাতে সংসদে নারীদের জন্য সংরক্ষিত আসন বণ্টন করা হয়। সংসদের সাধারণ আসনে নির্বাচিত সংসদ সদস্যরা সংরক্ষিত আসনের সংসদ সদস্য নির্বাচনে ভোট দিয়ে থাকেন। খবর বিডিনিউজের।
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিএনপি আসন পেয়েছে ২০৯টি। দলটির শরিক গণঅধিকার পরিষদ, বাংলাদেশ জাতীয় পার্টি (বিজেপি) ও গণসংহতি আন্দোলন একটি করে আসন পেয়েছে। অপরদিকে ৬৮টি আসনে জয়ী হয়ে জামায়াতে ইসলামী বসছে বিরোধী
দলের আসনে। ভোটে তাদের জোটের শরিক এনসিপি ছয়টি, বাংলাদেশ খেলাফত মজলিস দুটি ও খেলাফত মজলিস পেয়েছ একটি আসন। দুই জোটের বাইরে ইসলামি আন্দোলন বাংলাদেশ আসন পেয়েছে একটি। সাতটি আসনে স্বতন্ত্র প্রার্থীরা জয়ী হয়েছেন। প্রাথমিক বণ্টন অনুযায়ী, বিএনপি জোট ৩৬টি, জামায়াত জোট ১৩টি এবং স্বতন্ত্ররা মিলে একটি সংরক্ষিত আসনে পেতে পারে।
সংসদ নির্বাচনের পরদিন ১৩ ফেব্রুয়ারি নির্বাচিতদের গেজেট প্রকাশ করে নির্বাচন কমিশন। গেজেট প্রকাশের ৯০ দিনের মধ্যে সংরক্ষিত মহিলা আসনের ভোটের বাধ্যবাধকতা রয়েছে। সংসদের সাধারণ আসনে নির্বাচিত সংসদ সদস্যদের ভোটার তালিকা ইতোমধ্যে চূড়ান্ত করা হয়েছে। সংসদে প্রনিধিত্বকারী দল ও স্বতন্ত্র প্রার্থীদের জোট করার বিষয়ে চিঠি দেওয়া হয়েছে। দল ও জোটগতভাবে সংরক্ষিত আসন সংখ্যা চূড়ান্তের পর তফসিল হতে যাচ্ছে।
১২ ফেব্রুয়ারি ২৯৯ আসনে ত্রয়োদশ সংসদ নির্বাচন হয়। তবে গেজেট প্রকাশ করা হয় ২৯৭ আসনের। আদালতের আদেশে দুটি আসনের (চট্টগ্রাম–২ ও চট্টগ্রাম–৪) ফলাফল গেজেট আকারে প্রকাশ স্থগিত রয়েছে। ইসি সচিব বলেন, আদালত যেভাবে বলবে সেভাবে পদক্ষেপ নেবে ইসি। নির্বাচন পরবর্তী সময়ে ৫০টি মামলা হয়েছে; সেসব আসনের মালামাল সংরক্ষণ করা হবে।














