কুতুবদিয়ায় সিমেন্ট বোঝাই ট্রলার জব্দ

মিয়ানমারে পাচারের চেষ্টা

মহেশখালী প্রতিনিধি | শুক্রবার , ৩ এপ্রিল, ২০২৬ at ৫:৪০ পূর্বাহ্ণ

সাগরপথে অবৈধভাবে মিয়ানমারে পাচারকালে কুতুবদিয়ায় অভিযান চালিয়ে সিমেন্ট বোঝাই একটি ট্রলার জব্দ করেছে নৌবাহিনী। জব্দ সিমেন্টের আনুমানিক বাজার মূল্য ২ লক্ষ ৪৭ হাজার ৫০০ টাকা। গতকাল বৃহস্পতিবার গণমাধ্যমে পাঠানো এক বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়েছে। গত বুধবার রাত ৩ টার দিকে এ অভিযান পরিচালনা করা হয়।

বিজ্ঞপ্তিতে জানানো হয়, নৌবাহিনীর সদস্যরা গোপন সংবাদের ভিত্তিতে কুতুবদিয়ার লেমশীখালি এলাকায় একটি চক্র মিয়ানমারে অবৈধভাবে সিমেন্ট পাচারের প্রস্তুতি নিচ্ছে বলে জানতে পারে। এমন তথ্যের প্রেক্ষিতে কুতুবদিয়ায় মোতায়েনকৃত নৌবাহিনী কন্টিনজেন্ট দ্রুত ওই এলাকায় টহল ও নজরদারি জোরদার করে। নৌবাহিনীর একটি টহল দল লেমশীখালি এলাকা থেকে প্রায় ৩ কিলোমিটার দূরে ভোলা খালের নিকটবর্তী তীরে একটি ইঞ্জিনচালিত কাঠের ট্রলার নোঙর করা অবস্থায় শনাক্ত করে। এটির কাছে গিয়ে ট্রলারটিতে কোন মাঝিমাল্লা দেখতে না পেয়ে সন্দেহজনক মনে হয়।

এসময় ট্রলারটিতে তল্লাশি করে ৪৯৫ বস্তা সিমেন্ট পাওয়া যায়। পরবর্তীতে, জব্দকৃত ট্রলার ও সিমেন্ট কুতুবদিয়া থানায় পুলিশের কাছে হস্তান্তর করা হয়। সরকারের শুল্ক ফাঁকি দিয়ে মিয়ানমারে অধিক মূল্যে বিক্রির আশায় একশ্রেণির অসাধু ব্যবসায়ী দীর্ঘদিন ধরে এরূপ চোরাচালান কার্যক্রম পরিচালনা করে আসছে বলে জানিয়েছে নৌবাহিনী।

পূর্ববর্তী নিবন্ধটেকনাফে আড়াই কোটি টাকার ইয়াবাসহ আটক ২
পরবর্তী নিবন্ধবাহরাইনে ক্ষেপণাস্ত্র হামলায় নিহত প্রবাসীর মরদেহ আসছে আজ