নগরীর চান্দগাঁওয়ের দক্ষিণ মোহরা এলাকার একটি ভবন থেকে ৫১০ লিটার চোলাই মদসহ ৬ জনকে গ্রেপ্তার করেছে পুলিশ। এসময় ১ হাজার লিটার চোলাই মদ তৈরীর উপাদান তথা গাঁজনকৃত তরল পদার্থ উদ্ধার করা হয়েছে। গত মঙ্গলবার রাতে দক্ষিণ মোহরার ইস্পাহানী কেজি স্কুল সংলগ্ন আলী আকবর বিল্ডিংয়ের নীচ তলার একটি বাসা থেকে এসব মদ, মদ তৈরীর উপাদানসহ তাদের গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারকৃতরা হলেন, রিপন চাকমা, বিপ্লব চাকমা, টুনি চাকমা, কৌশল বিকাশ চাকমা, বাবুধন চাকমা ও রেবিকা চাকমা। চান্দগাঁও থানার উপপরিদর্শক (এসআই) শাহনেওয়াজ দৈনিক আজাদীকে বলেন, গ্রেপ্তারকৃতরা পার্বত্য এলাকা থেকে মদ তৈরির উপকরণ সংগ্রহ করে আলী আকবর বিল্ডিংয়ের নীচ তলার একটি বাসায় কারখানা স্থাপন করে চোলাই মদ উৎপাদন ও বিক্রি করে আসছিলেন। অভিযানে মদ তৈরির কাজে ব্যবহৃত বিভিন্ন সরঞ্জাম জব্দ করা হয়েছে বলেও জানান তিনি।











